মোঃ মাসুম খান,ঝালকাঠি :
স্মার্ট পুলিশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা (পিইটি) দ্বিতীয় দিনের মতো সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ঝালকাঠি পুলিশ লাইন্সে এ পরীক্ষায় প্রার্থীরা ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্পে অংশ নেন। সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষার কার্যক্রম পরিচালিত হয়।
ঝালকাঠি জেলার নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার মেরিন সুলতানার নেতৃত্বে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় প্রার্থীদের শারীরিক সক্ষমতা ও যোগ্যতা নির্ধারিত মানদণ্ডে যাচাই করা হয়।
পরীক্ষা শেষে পুলিশ সুপার মেরিন সুলতানা প্রার্থীদের উদ্দেশে বলেন, সম্পূর্ণ মেধা, স্বচ্ছতা ও শারীরিক যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে। নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, তদবির কিংবা প্রতারণার সুযোগ নেই। এ সময় তিনি প্রার্থীদের দালাল বা প্রতারক চক্রের খপ্পরে না পড়ার আহ্বান জানান।
নিয়োগ কার্যক্রমে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি, বরিশাল রেঞ্জ কার্যালয়ের মনোনীত প্রতিনিধি এবং ঝালকাঠি জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নিয়োগ বোর্ড সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার (১৮ নভেম্বর) উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার পরবর্তী ধাপ অনুষ্ঠিত হবে। এতে ১৬০০ মিটার দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং পরীক্ষা নেওয়া হবে। ঝালকাঠি পুলিশ লাইন্সে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।