নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন ও সংশ্লিষ্ট সেবা নিতে গিয়ে নাগরিকদের হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, এনআইডি সেবায় দুর্নীতি দূর করে নাগরিকদের ভোগান্তিমুক্ত সেবা নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
কর্মশালায় সিইসি বলেন, গণমাধ্যমে এনআইডি সেবা নিয়ে হয়রানির খবর দেখতে তাঁর অস্বস্তি হয়। এ ধরনের পরিস্থিতি বন্ধে কী পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের পরামর্শ চান তিনি। এনআইডি ঘিরে দুর্নীতি থেকে মুক্তি এবং সাধারণ মানুষ যাতে যথাযথ সেবা পান, তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন সিইসি।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, যেকোনো চিঠি বা আবেদন পাওয়ার পর তা গ্রহণের বিষয়টি নিশ্চিত করতে হবে, যাতে আবেদনের অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। পাশাপাশি সঠিকভাবে আবেদন করার বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা তৈরির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
সিইসি আরও বলেন, নাগরিকদের হয়রানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এনআইডি-সংক্রান্ত দুর্নীতি নির্মূলে কমিশনের অবস্থান জিরো টলারেন্স।
কর্মশালায় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, নতুন নিবন্ধনের সময় ফ্যামিলি ট্রি তৈরি এবং এনআইডি নবায়নের ক্ষেত্রেও ফ্যামিলি ট্রি প্রস্তুতের প্রক্রিয়া শিগগিরই চালু করা হবে।
তিনি বলেন, এনআইডি সংশোধন প্রক্রিয়ায় ওটিপি ব্যবস্থা চালুর কাজ চলছে। কোনো আবেদন বা তথ্য কেন বাতিল করা হয়েছে, তা সংশ্লিষ্ট নাগরিককে জানানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে আবেদন বাতিলের কারণ সম্পর্কে নাগরিকদের মধ্যে থাকা অস্পষ্টতা দূর হবে। এ জন্য সফটওয়্যারে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে বলেও জানান তিনি।
এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর গত দুই বছরে ১৭ লাখের বেশি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে প্রায় ১৪ লাখ আবেদন গ্রহণ করা হয়েছে এবং আনুমানিক ৩ লাখ আবেদন বাতিল হয়েছে।