ঝালকাঠি জেলা প্রতিনিধি:
ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ৪০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মো. হালিম খাঁর বিরুদ্ধে শিশুটির মা থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে শিশুটি বাড়ি ফেরার পথে মধ্য বালিঘোনা এলাকায় বসতবাড়িতে প্রবেশের রাস্তার পাশে একটি সুপারি বাগানের কাছে পৌঁছায়। এ সময় অভিযুক্ত তাকে হাত ও মুখ চেপে ধরে বাগানের ভেতরে নিয়ে যায়। সেখানে শিশুটিকে যৌন নিপীড়ন করা হয় বলে অভিযোগ করেছেন তার মা।
একপর্যায়ে শিশুটি অভিযুক্তকে ধাক্কা দিয়ে পালিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়। চিৎকার করে মাকে ডাকলে ওই বাড়ির এক নারী তাকে মায়ের দোকান পর্যন্ত পৌঁছে দেন। পরে শিশুটির মা তার ভীতসন্ত্রস্ত অবস্থা দেখে জানতে চাইলে সে ঘটনার বিস্তারিত জানায়।
শিশুটির মা নাজমা আক্তার জানান, তার স্বামী স্ট্রোক করে শয্যাশায়ী। দুই সন্তান নিয়ে সংসার চালাতে বাড়ির সামনে একটি চা, পান ও সিগারেটের দোকান পরিচালনা করেন তিনি। তার মেয়ে স্থানীয় ১৫৪ নম্বর পূর্ব বালিঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি মাকে দোকানের কাজে সহযোগিতা করে।
তিনি আরও জানান, ঘটনার পর পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করেন। এ কারণে মামলা করতে কিছুটা বিলম্ব হয়েছে।
ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, শিশুটির মা নাজমা আক্তার বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে নিয়মিত মামলা করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্তসাপেক্ষে নির্ধারিত হবে।