‘
নিজস্ব প্রতিবেদক:
দেশে অস্থিতিশীলতা ও নাশকতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ‘পঞ্চম বাহিনী’ ও পরাজিত শক্তিকে আর ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণের সম্মিলিত শক্তির মাধ্যমে তাদের প্রতিহত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
রিজভী অভিযোগ করেন, গত ৫ আগস্ট পরাজিত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শক্তি বিদেশে বসে অর্থ ও অস্ত্রের জোগান দিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে পুলিশ বক্স ও যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ এবং হত্যাকাণ্ডের মতো কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, দেশপ্রেমিক ও জনকল্যাণে কাজ করা মানুষ কখনো দেশ ছেড়ে পালিয়ে যান না। দেশের সম্পদ আত্মসাৎ, অর্থ লুটপাট, গুম, খুন, গুপ্তহত্যা ও ক্রসফায়ারের মতো কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরাই দেশ ছেড়ে পালিয়ে যায়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, নানা চাপ ও হুমকি সত্ত্বেও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেশ ছাড়তে হয়নি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। তিনি দেশের জন্য জীবন দিয়েছেন এবং এ দেশের মাটিতেই সমাহিত হয়েছেন।
রিজভী বলেন, বিএনপির রাজনীতির সঙ্গে আওয়ামী লীগের রাজনীতির মৌলিক পার্থক্য রয়েছে। বিএনপি গণসম্পৃক্ততা, আদর্শ ও গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে। অন্যদিকে, আওয়ামী লীগ অরাজকতা সৃষ্টি করে ক্ষমতায় এসে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে দেশের সম্পদ লুটপাট করেছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনার ঢাকায় সুধা সদন নামে বাড়ি এবং পূর্বাচলে ৬০ কাঠা জমি ছিল। তাঁর আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ মন্ত্রীদের ইংল্যান্ডে ২৫০ মিলিয়ন পাউন্ডের বাড়ি দেশটির সরকার জব্দ করেছে বলেও উল্লেখ করেন রিজভী। তাঁর দাবি, পুরো দেশকে লুটপাটের ক্ষেত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল, যাতে তারা বংশপরম্পরায় সুখ-শান্তি ও প্রাচুর্যে জীবন কাটাতে পারেন।
রিজভী বলেন, পরাজিত শক্তি আবারও অস্থিতিশীলতা সৃষ্টি করে ক্ষমতা দখলের চেষ্টা করছে। তারা মনে করছে, পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করে রাষ্ট্রক্ষমতা পুনরুদ্ধার করা সম্ভব। তবে দেশের মানুষ তাদের চেনে। কারা অর্থ ও অস্ত্র সরবরাহ করছে এবং কারা মদদ দিচ্ছে, তা তাদের কর্মকাণ্ডেই প্রকাশ পাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
গোপালগঞ্জ প্রসঙ্গে রিজভী বলেন, গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ। এ অঞ্চলকে সন্ত্রাসের কেন্দ্র বা পশ্চাৎভূমি হিসেবে ব্যবহারের চেষ্টা করা যাবে না। গোপালগঞ্জের লাখ লাখ মানুষ দেশপ্রেমিক এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তবে সাবেক আমলের কিছু সুবিধাভোগী সেখানে সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন, যা সফল হবে না বলে মন্তব্য করেন তিনি।
তিনি অভিযোগ করেন, গোপালগঞ্জে বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিমের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্য জিলানীর বাড়িও পুড়িয়ে তছনছ করা হয়েছে। বিএনপি ক্ষমতায় থাকার পরও এ ধরনের হামলা চালানো হচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, বিএনপির গণতান্ত্রিক সহনশীলতার সুযোগ নিয়ে হামলাকারীরা বর্বরোচিত কর্মকাণ্ড চালাচ্ছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, ১ হাজার ৪০০ শিশু-কিশোর ও তরুণের রক্ত ঝরার পরও শেখ হাসিনার রক্ততৃষ্ণা মেটেনি। দেশের বাইরে অবস্থানরত আওয়ামী লীগ নেতারা বিভিন্ন দেশে ফ্ল্যাট, দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলছেন বলে অভিযোগ করেন তিনি। অন্যদিকে, বাংলাদেশে অর্থের বিনিময়ে বিভিন্ন মহল্লা, গ্রাম ও ওয়ার্ডে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে বলেও দাবি করেন।
সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের একটি অডিও প্রসঙ্গে রিজভী বলেন, ওই অডিওতে প্রতিটি ইউনিয়নে বিএনপি নেতাদের তিনটি করে বাড়ি পুড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমে অডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কি না, তা নিয়ে সন্দেহ থাকলেও ফ্যাক্ট-চেকের মাধ্যমে এতে মোজাম্মেল হকের কণ্ঠস্বর স্পষ্ট বলে নিশ্চিত হওয়া গেছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, ‘পঞ্চম বাহিনী’র বিরুদ্ধে দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি ও গণতন্ত্রকামী সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ রয়েছে। জনগণের সম্মিলিত শক্তির মাধ্যমে তাদের প্রতিহত করা হবে। গ্রাম, মহল্লা, ওয়ার্ড ও পথে পথে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে ডিসেম্বর মাসে বিজয় দিবসসহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেন রিজভী। তিনি জানান, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করবে বিএনপি। এ ছাড়া ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী পালনের কর্মসূচি নেওয়া হবে। দীর্ঘ সংগ্রাম ও নির্বাসনের পর দলের শীর্ষ নেতার স্বদেশ প্রত্যাবর্তনের দিন ২৫ ডিসেম্বরও সম্মিলিতভাবে পালন করবে দলটি।
রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভা ও সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ, প্রচার সম্পাদক ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সাইয়েদুল আলম বাবুল, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, জাসাসের আহ্বায়ক হেলাল খান ও সদস্যসচিব জাকির হোসেন রোকন, স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি ইয়াসিন আলী এবং মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।