নিজস্ব প্রতিবেদক:

 

দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারির নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ইতোমধ্যে বিমানবন্দরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা দেশ টিভিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় দেশের সব বিমানবন্দর কর্তৃপক্ষকে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমন পথে তল্লাশি জোরদার, ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বৃদ্ধি এবং সার্বক্ষণিক টহল বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

 

এ ছাড়া বিমানবন্দরে প্রবেশকারী সব ধরনের যানবাহনে তল্লাশি কার্যক্রম আরও জোরদার করতে বলা হয়েছে।

 

বেবিচকের ওই কর্মকর্তা জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় নিরাপত্তা বাড়াতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) টহল বৃদ্ধি, নজরদারি জোরদার এবং যানবাহন তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে।

 

বিমানবন্দর থানাকেও আশপাশের এলাকায় পুলিশের টহল বাড়াতে বলা হয়েছে। যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট পরিচালিত হয় না, সেসব বিমানবন্দরেও রাতের বেলায় টহল, নজরদারি ও পর্যবেক্ষণ অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

এদিকে বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরার নজরদারি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে পুলিশের সঙ্গে বৈঠক করেছে বেবিচক। পুলিশের বিদ্যমান এআই ক্যামেরা নজরদারি ব্যবস্থার আওতায় বিমানবন্দর এলাকাকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

 

অন্যদিকে, ল্যান্ডসাইডের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনও নিজস্ব ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে। এসব পদক্ষেপের মাধ্যমে বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করার পরিকল্পনা নেওয়া হয়েছে।