নিজস্ব প্রতিবেদক:
আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে লালমনিরহাটে ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার প্রধান এভিয়েশন হাবে পরিণত করতে সরকার কাজ করছে। ২০৩৪ সালের মধ্যে এ লক্ষ্য বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু প্রযুক্তি ব্যবহারে দক্ষতা অর্জন করলেই হবে না, উদ্ভাবনের সক্ষমতাও গড়ে তুলতে হবে। গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু আবিষ্কার ও সৃষ্টির মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্য তরুণদের প্রতি আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, অর্থের অভাবে যেন কোনো উদ্ভাবনী উদ্যোগ থেমে না যায়, সে জন্য সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড বরাদ্দ রেখেছে।
তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বকে পরিচালিত করবে। বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্তিশালী করতে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। এ সময় নতুন প্রজন্মকে সাহস ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।