হোমনা প্রতিনিধি:

কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন মোঃ সজিব সওদাগর। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, সাংগঠনিক কর্মকাণ্ড এবং দলের প্রতি আনুগত্যের মধ্য দিয়ে তিনি স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। তাকে বিজয়ী করা লক্ষ্যে নির্বাচনের মাঠে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা।

 

মোঃ সজিব সওদাগরের বাবা মরহুম মতিন সওদাগর ছিলেন দুলালপুর ইউনিয়নের দুইবারের নির্বাচিত সফল চেয়ারম্যান এবং দুলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। বাবার রাজনৈতিক আদর্শ, সততা ও জনসেবার চেতনাকে বুকে ধারণ করেই রাজনীতির মাঠে সক্রিয় রয়েছেন মোঃ সজিব সওদাগর।

 

মোঃ সজিব সওদাগর জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির প্রার্থী অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়াকে বিজয়ী করার লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করেন। এ উপলক্ষে তখন দুলালপুর বাজার বালুর মাঠে বর্তমান সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া এমপি, হোমনা উপজেলা বিএনপি ও দুলালপুর ইউনিয়ন বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে একটি বিশাল নির্বাচনী সভার আয়োজন করেন। সভায় তিনি অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়াকে নির্বাচনে বিজয়ী করতে সর্বাত্মকভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।

 

এরপর থেকে দুলালপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দুলালপুর ইউনিয়নের প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লা, ওয়ার্ড ও বাড়ি বাড়ি গিয়ে বিএনপির দলীয় নির্বাচনী প্রচারণায় অংশ নেন। বিএনপির বিজয় নিশ্চিত করতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করেন তিনি। দলীয় প্রার্থী অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়ার বিজয়ে সজিব সওদাগরের এই সাংগঠনিক তৎপরতা ও ভূমিকা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

নির্বাচন-পরবর্তী সময়েও দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তিনি। বিভিন্ন রাজনৈতিক সভা, সেমিনার ও সাংগঠনিক কর্মসূচিতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিয়মিত অংশগ্রহণ করছেন।

 

এরই ধারাবাহিকতায় আসন্ন দুলালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোঃ সজিব সওদাগরকে মনোনীত করা হয়েছে। তাঁর মনোনয়নকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

 

এদিকে তাঁকে নির্বাচনে বিজয়ী করার লক্ষ্যে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় সমর্থক ও সাধারণ জনগণও মাঠপর্যায়ে প্রচার-প্রচারণা ও জনসংযোগ চালিয়ে যাচ্ছেন।

 

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে অনেকের প্রত্যাশা, বাবার রাজনৈতিক ঐতিহ্য ও জনসেবার আদর্শকে ধারণ করে সজিব সওদাগর দুলালপুর ইউনিয়নের উন্নয়ন, জনকল্যাণ এবং মানুষের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।