মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্, নবীনগর, ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি :।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নবীনগর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী বিভিন্ন স্থানে হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। তাদের এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। নবীনগরের ২৩৬টি গ্রাম, প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, কেউ যেন নবীনগরের কোথাও সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে। কোনো অপরাধীকে দেখলে নিজেরা আইন হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করতে হবে।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যাতে কোনোভাবেই তাদের সাংগঠনিক বা নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকতে হবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ শান্তি চায়। দেশে শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠার পাশাপাশি ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারও জনগণের প্রত্যাশা। দেশের গণতন্ত্র, শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিক্ষোভ মিছিলে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।