মোঃ মাসুম খান,ঝালকাঠি :

ঝালকাঠি সদর উপজেলার ভীমরুলি বাজার থেকে প্রফুল্ল দুয়ারীর বাড়ি হয়ে কুড়িয়ানা সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কটির দুরবস্থায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন দুই উপজেলার হাজারো মানুষ। বর্ষা মৌসুমে সড়কটি দিয়ে যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ায় অনেক ক্ষেত্রে নৌকাই হয়ে ওঠে যাতায়াতের একমাত্র ভরসা। এ অবস্থায় সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

 

সড়কটি ঝালকাঠি সদর উপজেলার ৫ নম্বর কীর্তিপাশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত। সড়কটির আইডি নম্বর ৫৪২৪০৫২১৪। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।

 

স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন দুই উপজেলার বিপুলসংখ্যক মানুষ চলাচল করেন। সড়কটির বেহাল অবস্থার কারণে স্কুল-কলেজের শত শত শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে নানা ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কটি পানিতে তলিয়ে গেলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তখন নৌকা ছাড়া যাতায়াতের কার্যকর কোনো বিকল্প থাকে না। এতে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়।

 

এলাকাবাসীর মতে, সড়কটি দুই উপজেলার মানুষের যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ হলেও দীর্ঘদিন ধরে সংস্কারের উদ্যোগ না নেওয়ায় দুর্ভোগ ক্রমেই বাড়ছে। সড়কটি সংস্কার করা হলে মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কর্মকাণ্ডে স্বস্তি ফিরবে।

 

জনদুর্ভোগ লাঘবে সড়কটি জরুরি ভিত্তিতে সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, জনস্বার্থ বিবেচনায় সড়কটির সংস্কারে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে।