নিজস্ব প্রতিবেদক :
বিএনপি সরকারে থাকাকালীন সবসময় মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশকে বিশ্বের বুকে আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি।
শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকার জন্য বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছেন অনেকে। তবে এসব খেতাবের চেয়েও গুরুত্বপূর্ণ হলো একটি জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয় অর্জনের গৌরব। জীবনে এমন অর্জন সবার পক্ষে সম্ভব হয় না। সে কারণেই বীর মুক্তিযোদ্ধারা অনন্য ও অসাধারণ।
প্রধানমন্ত্রী বলেন, অনুষ্ঠানে উপস্থিত অনেকেই সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সৌভাগ্য অর্জন করেছেন। আবার কারও পরিবারের সদস্য মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সবাই সেই গৌরবের অংশীদার। তাঁদের প্রতি বীরোচিত অভিনন্দন জানান তিনি।
সরকারপ্রধান বলেন, লাখো মানুষের প্রাণ, অসংখ্য মা-বোনের সম্ভ্রম, আহত মানুষের আর্তনাদ ও পঙ্গুত্বের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। সশস্ত্র বাহিনী দিবসের এই ঐতিহাসিক দিনে মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। আহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি এবং সমবেদনা প্রকাশ করেন। পাশাপাশি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেও গর্বিত বলে জানান তারেক রহমান। তিনি বলেন, নিজেও একজন মুক্তিযোদ্ধার সন্তান। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের গৌরব এবং সাফল্য তাঁকেও আন্দোলিত করে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান নিজেও সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন, যা সশস্ত্র বাহিনীর জন্যও গর্বের বিষয়।
প্রধানমন্ত্রী আরও বলেন, মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্র তার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার ধারা অব্যাহত রাখবে।