নিজস্ব প্রতিবেদক:

 

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাতের কেন্দ্রবিন্দু হরমুজ প্রণালীতে শনিবার দুটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও এ তথ্য জানিয়েছে।

 

সংস্থাটি জানায়, হরমুজ প্রণালী দিয়ে বেরিয়ে যাওয়ার পথে একটি ট্যাংকারের পেছনের অংশে অজ্ঞাত বস্তু আঘাত হানে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। একই সময়ে আরেকটি ট্যাংকারের ইঞ্জিনকক্ষেও আঘাতের ঘটনা ঘটেছে। খবর বার্তা সংস্থা এএফপির।

 

গত ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়। যুদ্ধের আগে বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হতো।

 

যুদ্ধ শুরুর পর থেকে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচল কার্যত বন্ধ করে দিয়েছে। দেশটির অনুমতি ছাড়া হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা জাহাজগুলো নিয়মিত হামলার শিকার হচ্ছে।

 

অন্যদিকে, এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করেছে। পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাংকারগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন নৌবাহিনী পাহারা দিচ্ছে।