নিজস্ব প্রতিবেদক:
প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থার নিয়ন্ত্রণে আন্তর্জাতিক চুক্তি প্রণয়নের উদ্যোগ নিতে সম্মত হয়েছে বিভিন্ন দেশ। তবে কথিত ‘কিলার রোবট’ বা প্রাণঘাতী রোবটের ব্যবহার বন্ধে প্রচার চালানো সংগঠনগুলো এ সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে। তাদের মতে, গৃহীত সিদ্ধান্ত প্রত্যাশার তুলনায় অনেকটাই দুর্বল।
জাতিসংঘে টানা পাঁচ দিনের কঠিন আলোচনা নির্ধারিত সময়ের পরও চলে। শেষ পর্যন্ত দেশগুলো আগামী দুই বছরের মধ্যে এ বিষয়ে আন্তর্জাতিক আইনি দলিল প্রণয়নের উদ্যোগ নিতে সম্মত হয়। জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাবে যুদ্ধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। এ পরিস্থিতিতে বিভিন্ন বেসরকারি সংস্থা মানুষের জীবন-মৃত্যুর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা স্বয়ংক্রিয় যন্ত্রের হাতে তুলে দেওয়ার বিষয়ে দ্রুত ও আইনগতভাবে বাধ্যতামূলক বিধিনিষেধ আরোপের দাবি জানিয়ে আসছিল।
জেনেভায় প্রচলিত অস্ত্রবিষয়ক কনভেনশনের (সিসিডব্লিউ) পর্যালোচনা সম্মেলনে জাতিসংঘের অধীনে অনুষ্ঠিত আলোচনা শনিবার ভোর পর্যন্ত গড়ায়। সম্মেলন শেষে সভাপতি জুলিয়েন থনি সাংবাদিকদের বলেন, সিসিডব্লিউর সদস্য ১২৮টি দেশ প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থার বিষয়ে আন্তর্জাতিক আইনি দলিল প্রণয়নের উদ্যোগ নিতে সম্মত হয়েছে। আগামী দুই বছরের মধ্যে এ কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
তবে এ সিদ্ধান্তে পৌঁছানোর পথ সহজ ছিল না। বিভিন্ন দেশের মধ্যে মতবিরোধ এবং যেকোনো সিদ্ধান্ত গ্রহণে সর্বসম্মতির বাধ্যবাধকতা আলোচনাকে জটিল করে তোলে। অধিকাংশ দেশ আইনগতভাবে বাধ্যতামূলক চুক্তির পক্ষে থাকলেও যুক্তরাষ্ট্র ও রাশিয়াসহ এ ধরনের প্রযুক্তির অধিকারী কয়েকটি দেশ নিজেদের ওপর বিধিনিষেধ আরোপে অনিচ্ছুক।
থনি এএফপিকে বলেন, পরবর্তী আলোচনায় আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী কোন ধরনের অস্ত্র নিষিদ্ধ করা যায় এবং কোনগুলো নিষিদ্ধ না করে নিয়ন্ত্রণের আওতায় আনা সম্ভব, তা নির্ধারণ করা হবে। সুইস এই কূটনীতিক জানান, কিছু দেশ ‘আলোচনা’ শব্দটি ব্যবহারে আপত্তি জানিয়েছিল। শেষ পর্যন্ত ‘প্রণয়ন’ শব্দটি ব্যবহারে তারা সম্মত হয়।
তবে প্রচারক সংগঠনগুলো বলছে, গৃহীত সিদ্ধান্ত তাদের প্রত্যাশার ধারেকাছেও পৌঁছাতে পারেনি। জোটটির নির্বাহী পরিচালক নিকোল ভ্যান রুইয়েন বলেন, লক্ষ্য নির্ধারণের প্রক্রিয়ায় এআই ব্যবহারের মতো স্বয়ংক্রিয় অস্ত্রপ্রযুক্তি ইতোমধ্যে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে।
তিনি আরও বলেন, আইনগতভাবে বাধ্যতামূলক চুক্তি প্রণয়নে বিলম্ব বেসামরিক মানুষ ও মানবজাতিকে ঝুঁকির মুখে ফেলছে।
হিউম্যান রাইটস ওয়াচের অস্ত্রবিষয়ক উপপরিচালক ভেরিটি কয়েল এ সিদ্ধান্তকে ‘হতাশাজনক’ বলে অভিহিত করেন। তাঁর মতে, নতুন নিয়মে সম্মত হতে যে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সিদ্ধান্তটিতে তার প্রতিফলন নেই। অথচ প্রযুক্তি দ্রুত এগিয়ে যাচ্ছে।