নিজস্ব প্রতিবেদক:

 

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিওনার্দো। রোববার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইতালির বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সমুদ্রসীমায় নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধিতে দুই দেশের কোস্টগার্ডের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টকে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ইতালির মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। বঙ্গোপসাগরে বাংলাদেশের বিশাল সমুদ্রসীমার নিরাপত্তা, অবৈধ অভিবাসন রোধ, মানবপাচার প্রতিরোধ এবং সামুদ্রিক অপরাধ দমনে বাংলাদেশ কোস্টগার্ড নিরলসভাবে কাজ করছে। কোস্টগার্ডের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে ইতালি সরকারের অবদানের কথা স্মরণ করে তিনি ইতালীয় নৌবাহিনীর চারটি ‘মিনার্ভা ক্লাস’ কর্ভেট জাহাজ সংস্কার করে বাংলাদেশ কোস্টগার্ডকে হস্তান্তরের জন্য ইতালি সরকারকে ধন্যবাদ জানান।

 

মন্ত্রী বলেন, বর্তমানে অফশোর প্যাট্রোল ভেসেল (ওপিভি) হিসেবে ব্যবহৃত জাহাজগুলো বঙ্গোপসাগরে বাংলাদেশের নজরদারি ও টহল কার্যক্রমকে বহুগুণ শক্তিশালী করেছে। বাংলাদেশ কোস্টগার্ডের গভীর সমুদ্রে টহল সক্ষমতা আরও বাড়াতে ভবিষ্যতে উপযুক্ত দেশ থেকে জি-টু-জি পদ্ধতিতে অফশোর ও কোস্টাল প্যাট্রোল ভেসেল সংগ্রহের বিষয়ে বৈঠকে আলোচনা হয়। এ ক্ষেত্রে স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি দুই দেশের কোস্টগার্ডের প্রাতিষ্ঠানিক সম্পর্ক সুদৃঢ় করতে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাব্যতা নিয়েও আলোচনা হয়।

 

পেশাগত দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ বিনিময়ের বিষয়ে মন্ত্রী জানান, বাংলাদেশ কোস্টগার্ড সম্প্রতি দেশি ও সাতটি বন্ধুত্বপূর্ণ দেশের কর্মকর্তাদের অংশগ্রহণে ‘ব্রাউন ওয়াটার অপারেশন (বিডব্লিউও) এবং মানবপাচার প্রতিরোধ (এএইচটি) কোর্স-২০২৬’ সফলভাবে সম্পন্ন করেছে। আগামী বছর এ কোর্সে ইতালির কোস্টগার্ড কর্মকর্তাদের অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে।

 

এ ছাড়া বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব বিবেচনায় বাংলাদেশ কোস্টগার্ড কর্মকর্তাদের জন্য ইতালিতে সার্চ অ্যান্ড রেসকিউ, ভিজিট, বোর্ড, সার্চ অ্যান্ড সিজার, ড্রোন অপারেশন এবং মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস ও ডেটা অ্যানালাইসিস বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ প্রদানে ইতালির কমান্ড্যান্টের সহযোগিতা কামনা করা হয়।

 

ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিওনার্দো বাংলাদেশ কোস্টগার্ডের পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস, অ্যারোস্পেস প্রযুক্তি, সার্চ অ্যান্ড রেসকিউ অপারেশন এবং জলদস্যুতা দমনে ইতালির কোস্টগার্ডের অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি উভয় বাহিনী নিয়মিত যৌথ মহড়া, সেমিনার ও পেশাদার বিনিময় কর্মসূচির আয়োজনের মাধ্যমে পারস্পরিক আন্তঃকার্যক্ষমতা বাড়াতে একমত হয়।

 

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্ম সচিব রেবেকা খানসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্টগার্ড ও ইতালীয় প্রতিনিধিদলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।