নিজস্ব প্রতিবেদক :
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একসময়কার মারাত্মক দূষিত ক্লাং নদীতে এখন দেখা মিলছে ছোট ছোট ভোঁদড়ের দলের। নদীর তীরে তাদের ছোটাছুটি, সাঁতার ও খেলাধুলা পথচারীদের দৃষ্টি আকর্ষণ করছে। বন্যপ্রাণীর এই উপস্থিতি নদীটির পরিবেশগত উন্নতির পাশাপাশি দূষণমুক্তির নতুন আশাও জাগিয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানায়, কুয়ালালামপুরের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে নিয়মিত ভোঁদড়ের দেখা মিলছে। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা আইইউসিএনের তালিকায় এ প্রজাতির ভোঁদড় ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত। তবে তারা নতুন করে শহরে ফিরে এসেছে, নাকি এত দিন মানুষের চোখের আড়ালে ছিল, তা নিয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
একসময় ক্লাং নদী মালয়েশিয়ার অন্যতম দূষিত জলপথ হিসেবে পরিচিত ছিল। দেশটির নদীর দূষণমাত্রার শ্রেণিবিন্যাসে এটি পঞ্চম শ্রেণিতে ছিল, যা মারাত্মক দূষণের নির্দেশক। দীর্ঘদিনের পরিচ্ছন্নতা কার্যক্রমের ফলে নদীটির অবস্থার উন্নতি হয়ে এখন তৃতীয় শ্রেণিতে পৌঁছেছে।
মালয়েশিয়ার বন্যপ্রাণী পরিবেশবিদ উ চি ইয়ং মনে করেন, নদীর পরিবেশের উন্নতির কারণেই সেখানে ভোঁদড়ের বিচরণ বেড়েছে। তাঁর মতে, যেখানে ভোঁদড় রয়েছে, সেখানে মাছের উপস্থিতিও থাকার কথা। আর মাছের উপস্থিতি নদীর বাস্তুতন্ত্রের সুস্থতার ইঙ্গিত দেয়।
সাম্প্রতিক বছরগুলোতে নদীর কংক্রিটের পাড়ে রোদ পোহাতে এবং উড়াল মেট্রো স্টেশনের সামনে সাঁতার কাটতে দেখা গেছে এসব ভোঁদড়কে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের এমন দৃশ্য বেশ জনপ্রিয়তা পেয়েছে। নদীর পাশের একটি অ্যাপার্টমেন্টে বসবাসকারী অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাসান উজাং জানান, ভোঁদড়ের বাচ্চাদের মতো সাঁতার কাটা ও খেলাধুলা দেখতে তাঁর ভালো লাগে।
ভোঁদড়ের সংখ্যা ও চলাচল নিয়ে অনিশ্চয়তা
প্রতিবেশী সিঙ্গাপুরে ভোঁদড়ের গতিবিধি পর্যবেক্ষণে স্বেচ্ছাসেবী বিজ্ঞানীদের নেটওয়ার্ক থাকলেও কুয়ালালামপুরে এ ধরনের নিয়মিত নজরদারি নেই। ফলে শহরটিতে কতগুলো ভোঁদড়ের দল রয়েছে এবং তারা কীভাবে এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচল করে, সে বিষয়ে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি।
২০১৯ সালে স্থানীয় গণমাধ্যমে ভোঁদড় দেখার খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে কাজ শুরু করেন উ চি ইয়ং। পরের বছর তিনি মালয়েশিয়ান অটার নেটওয়ার্ক (এমওএন) নামে একটি সংরক্ষণ সংগঠন প্রতিষ্ঠায় যুক্ত হন। সংগঠনটি সাধারণ মানুষের অংশগ্রহণে ভোঁদড় দেখার তথ্য সংগ্রহের ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে।
আবাসস্থল হারিয়ে বাড়ছে সংঘাত
শহরের অভিজাত আবাসিক এলাকা ট্রপিকানা গলফ অ্যান্ড কান্ট্রি রিসোর্টেও ভোঁদড়ের দেখা মিলেছে। তবে সেখানে তাদের উপস্থিতি নিয়ে বাসিন্দাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। গত এক বছরে অন্তত ১২টি বাড়ির মাছের পুকুরে ভোঁদড়ের হানা দেওয়ার অভিযোগ উঠেছে।
৮৯ বছর বয়সী বাসিন্দা ই সি মুন অভিযোগ করেন, ১৫ বছর ধরে যত্ন করে বড় করা তাঁর দামি অ্যারোয়ানা মাছগুলো ভোঁদড় মেরে ফেলেছে। তবে তিনি বলেন, ভোঁদড়ের আচরণে বিরক্ত হলেও তাদের বেঁচে থাকার অধিকার অস্বীকার করা যায় না।
বাসিন্দাদের ধারণা, পাশের বনভূমিতে নতুন আবাসন প্রকল্পের কাজ শুরু হওয়ার পর থেকেই এলাকায় ভোঁদড়ের আনাগোনা বেড়েছে। বাসিন্দাদের সমিতির সভাপতি জয় আপ্পুকুট্টানও মনে করেন, আবাসস্থল হারানোর কারণে প্রাণীগুলো লোকালয়ে চলে আসছে।
মালয়েশিয়ায় ভোঁদড় সংরক্ষিত প্রাণী হওয়ায় তাদের ক্ষতি না করে পরিস্থিতি মোকাবিলার পরামর্শ দিয়েছেন উ চি ইয়ং। বাড়ির প্রবেশপথ বন্ধ রাখা এবং মাছের পুকুরে বেড়া বা জাল ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি।
নদীকে সম্পদ হিসেবে গড়ে তোলার উদ্যোগ
কুয়ালালামপুরের সাবেক মেয়র ও নগরীর টেকসই নগরায়ণবিষয়ক উপদেষ্টা মাইমুনাহ মোহাম্মদ শরিফ ভোঁদড়ের উপস্থিতিকে শহরের জন্য ইতিবাচক সম্পদ হিসেবে দেখছেন। তাঁর মতে, ভোঁদড়ের বিচরণ একটি পরিচ্ছন্ন শহরের অন্যতম লক্ষণ।
সরকারের ‘রিভার অব লাইফ’ প্রকল্পের আওতায় ক্লাং নদীতে আবর্জনা আটকাতে শত শত ফাঁদ স্থাপন করা হয়েছে। পাশাপাশি নেদারল্যান্ডসের একটি বেসরকারি সংস্থার স্থাপন করা সৌরবিদ্যুৎচালিত বর্জ্য সংগ্রহযন্ত্র ইতোমধ্যে হাজার হাজার টন বর্জ্য সংগ্রহ করেছে।
নদীতে নতুন করে বর্জ্য প্রবেশ ঠেকানোর পাশাপাশি ক্লাং নদীর পানির মান আরও উন্নত করে ২বি শ্রেণিতে উন্নীত করার লক্ষ্য রয়েছে। এ শ্রেণির পানি মানুষের সংস্পর্শে আসার উপযোগী। মাইমুনাহ মোহাম্মদ শরিফের আশা, একদিন তিনি নিজেই ক্লাং নদীতে সাঁতার কাটতে পারবেন।
অন্যদিকে, কমিউনিটি আর্কিটেক্ট ও ক্লাং রিভার ফেস্টিভ্যালের সহ-আয়োজক স্কারলেট কুন সি কি নদীর প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দিয়েছেন। তাঁর মতে, যেখানে প্রয়োজন সেখানে কংক্রিটের বাঁধ নির্মাণ করা যেতে পারে, তবে সম্ভব হলে নদীর তীর প্রাকৃতিক অবস্থায় রাখা উচিত।
বিশেষজ্ঞদের মতে, গাছপালা ও প্রাকৃতিক আশ্রয়স্থল ভোঁদড়ের নিরাপদ বসবাসের জন্য গুরুত্বপূর্ণ। তাই নদী পুনরুদ্ধারের পাশাপাশি প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণও জরুরি।
ক্লাং রিভার ফেস্টিভ্যালের আয়োজক ফেইথ ফু মনে করেন, ভোঁদড়ের উপস্থিতি নদী সম্পর্কে মানুষের দীর্ঘদিনের নেতিবাচক ধারণা বদলে দিচ্ছে। একসময় যে নদীকে অপরিচ্ছন্ন হিসেবে দেখা হতো, সেখানে এখন বন্যপ্রাণীর বিচরণ মানুষকে নতুন করে নদীর গুরুত্ব উপলব্ধি করতে সাহায্য করছে।