নিজস্ব প্রতিবেদক :
দীর্ঘস্থায়ী খরা ও ক্রমবর্ধমান পানির সংকট মোকাবিলায় নতুন জলাধার নির্মাণের উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য। তিন দশকেরও বেশি সময়ের মধ্যে দেশটিতে প্রথমবারের মতো নতুন একটি জলাধার নির্মাণ করা হচ্ছে। দক্ষিণ উপকূলের বন্দরনগরী পোর্টসমাউথের কাছে প্রায় ৮০ কোটি পাউন্ড ব্যয়ে নির্মিত হচ্ছে হ্যাভান্ট থিকেট জলাধার।
বার্তা সংস্থা এএফপি জানায়, জলাধারটির নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলছে। প্রকল্প এলাকায় বুলডোজার দিয়ে মাটি খননসহ বিভিন্ন অবকাঠামোগত কাজ চলছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আবহাওয়ার ধরন বদলে যাওয়ায় ভবিষ্যতের পানির চাহিদা পূরণে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
ইউরোপের অন্যান্য দেশের মতো যুক্তরাজ্যেও চলতি গ্রীষ্মে রেকর্ড তাপপ্রবাহ দেখা গেছে। শীতের শুরুতে বৃষ্টিপাত ফিরে এলেও দেশটির বিভিন্ন এলাকায় এখনো খরা পরিস্থিতি বিরাজ করছে।
রিডিং বিশ্ববিদ্যালয়ের জলবায়ুবিজ্ঞানী হান্না ক্লোক এএফপিকে বলেন, যুক্তরাজ্যে পানির নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। ভবিষ্যতের সংকট মোকাবিলায় পানি সংরক্ষণের বিষয়ে নতুন করে পরিকল্পনা করা প্রয়োজন।
পরিবেশ সংস্থার তথ্য অনুযায়ী, নভেম্বরের মাঝামাঝি সময়েও ইংল্যান্ডের প্রায় সব এলাকা খরাকবলিত ছিল। কয়েকটি অঞ্চলে পরিস্থিতি ছিল আরও গুরুতর। একই সময়ে দেশটির বিদ্যমান জলাধারগুলোতে গড়ে মাত্র ৬০ শতাংশ পানি অবশিষ্ট ছিল, যা মৌসুমি গড়ের তুলনায় ১৯ শতাংশীয় পয়েন্ট কম।
জনসংখ্যা বৃদ্ধি এবং ডেটা সেন্টারের মতো অধিক পানি ব্যবহারকারী শিল্পের সম্প্রসারণের কারণে পানির চাহিদাও বাড়ছে। ২০২৫ সালে প্রকাশিত ইংল্যান্ডের জাতীয় পানিসম্পদ কাঠামো অনুযায়ী, ২০৫৫ সালের মধ্যে দেশটিতে প্রতিদিন ৫০০ কোটি লিটার পানির ঘাটতি দেখা দিতে পারে।
হ্যাভান্ট থিকেট প্রকল্প এলাকা পরিদর্শনকালে পোর্টসমাউথ ওয়াটারের প্রধান নির্বাহী বব টেলর বলেন, পরপর কয়েক দফা খরা ও তীব্র গরমের পর পানির সংকটের ব্যাপকতা স্পষ্ট হয়ে উঠেছে।
তিনি জানান, সমস্যাটি শুধু সারা বছরে কত বৃষ্টিপাত হচ্ছে, তা নয়; বরং বছরের কোন সময়ে বৃষ্টি হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। শীতকালে বৃষ্টিপাত বাড়লেও গ্রীষ্মকাল ক্রমেই শুষ্ক হয়ে উঠছে। জলাধার না থাকলে অতিবৃষ্টির সময় পানি সংরক্ষণ করে পরবর্তী সময়ে ব্যবহার করা সম্ভব নয়।
নির্মাণাধীন হ্যাভান্ট থিকেট জলাধারে সর্বোচ্চ ৮৭০ কোটি লিটার পানি সংরক্ষণ করা যাবে। এর মাধ্যমে কয়েক লাখ মানুষের পানির চাহিদা পূরণে সহায়তা মিলবে। পোর্টসমাউথ ওয়াটারের নিয়ন্ত্রণাধীন একটি বড় প্রাকৃতিক পানির উৎস থেকে শীতকালে উদ্বৃত্ত পানি এনে জলাধারটি আংশিকভাবে পূরণ করা হবে।
এদিকে, দীর্ঘমেয়াদি পানির সংকট মোকাবিলায় যুক্তরাজ্য সরকার ২০৫০ সালের মধ্যে আরও নয়টি বড় জলাধার নির্মাণের অনুমোদন দিয়েছে। কয়েক দশক ধরে পানি অবকাঠামো খাতে বিনিয়োগের ঘাটতি কাটিয়ে উঠতে গত বছর প্রকল্প অনুমোদনের প্রক্রিয়াও সহজ করা হয়েছে।
প্রস্তাবিত জলাধারগুলো চালু হলে প্রতিদিন অতিরিক্ত ৬৭ কোটি লিটার পানি সরবরাহ করা সম্ভব হবে। জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি ও শিল্পায়নের কারণে বাড়তে থাকা পানির চাহিদা পূরণে এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।