নিজস্ব প্রতিবেদক :
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিতে আগামী ৩০ নভেম্বরের মধ্যে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা নিয়েছে সরকার। চুক্তি সম্পন্ন হলে আগামী ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইটের মাধ্যমে টার্মিনালটির প্রাথমিক কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে পূর্ণাঙ্গ কার্যক্রম চালু হতে সর্বোচ্চ ১৪ মাস সময় লাগতে পারে।
সোমবার (২৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
মন্ত্রী বলেন, তৃতীয় টার্মিনাল পরিচালনার বিষয়ে কনসেশন চুক্তি চূড়ান্ত হয়েছে। এখন জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া চলছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি জানান, আগামী ১৬ ডিসেম্বর প্রাথমিকভাবে চারটি ফ্লাইটের মাধ্যমে টার্মিনালটির কার্যক্রম শুরু হবে। প্রথম দিন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট দিয়ে যাত্রা শুরুর পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে ধাপে ধাপে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। এ ছাড়া সিঙ্গাপুরসহ অন্যান্য গন্তব্যে ফ্লাইট পরিচালনার বিষয়েও আলোচনা চলছে।
শুরুতে টার্মিনালটির ২৫ শতাংশ সক্ষমতা ব্যবহারের পরিকল্পনা থাকলেও জাপানি কনসোর্টিয়াম তাৎক্ষণিকভাবে এ সক্ষমতায় কার্যক্রম পরিচালনা করতে পারবে না। এ কারণে প্রাথমিক পর্যায়ে চারটি ফ্লাইট দিয়ে কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে সাধারণত পর্যায়ক্রমে কার্যক্রম সম্প্রসারণ করা হয় বলেও উল্লেখ করেন তিনি।
টার্মিনালটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর বিষয়ে মন্ত্রী বলেন, ১৬ ডিসেম্বর থেকে হিসাব করলে সর্বোচ্চ ১৪ মাসের মধ্যে তৃতীয় টার্মিনাল পুরোপুরি চালু করা সম্ভব হতে পারে।
রাজস্ব ভাগাভাগির বিষয়ে এম রশিদুজ্জামান মিল্লাত জানান, আগের সরকারের সময়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে বাংলাদেশের রাজস্ব ভাগাভাগির হার নির্ধারণ করা হয়েছিল ১৫ শতাংশ। বর্তমান সরকার আলোচনার মাধ্যমে তা বাড়িয়ে ২৭ শতাংশ করতে সক্ষম হয়েছে। ফলে আগের চুক্তির তুলনায় বাংলাদেশ ১২ শতাংশ বেশি রাজস্ব পাবে।
মন্ত্রী আরও জানান, তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরু হলেও বর্তমান আন্তর্জাতিক টার্মিনাল ভবন ব্যবহারের সুযোগ থাকবে। আগামী ১৪ মাস পুরোনো টার্মিনালটি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার কাজে ব্যবহার করা যাবে।