নিজস্ব প্রতিবেদক :
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের বিশেষ আমন্ত্রণে সরকারি সফরে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশে রওনা হন তিনি। জাতীয় সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
স্পিকারের নেতৃত্বে এ সফরে অংশ নিচ্ছে বাংলাদেশের একটি সংসদীয় প্রতিনিধিদল। প্রতিনিধি দলের সদস্য হিসেবে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী।
সফরকালে বাংলাদেশ ও পাকিস্তানের সংসদীয় প্রতিনিধিদলের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি দুই দেশের সংসদীয় সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও গুরুত্ব পাবে এ সফর।
সফর শেষে আগামী ২৯ নভেম্বর স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।