ঝালকাঠি সংবাদ দাতা:

 

ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের কৃষ্ণকাঠি এলাকায় অবস্থিত করিম ব্রিকস নামের একটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

 

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন তামান্না ইয়াসমিন মেরিনা।

 

অভিযানকালে করিম ব্রিকসের স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

 

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা বলেন, পরিবেশদূষণ রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারি নির্দেশনা এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। ইটভাটার দূষণে পরিবেশ ও জনস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়। তাই পরিবেশ সংরক্ষণ এবং দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে কোনো ইটভাটা পরিচালনার সুযোগ দেওয়া হবে না।

 

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে আইন মেনে ইটভাটা পরিচালনা করতে হবে। অন্যথায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।