নিজস্ব প্রতিবেদক : গ্রিসের রাজধানী এথেন্সের কাছাকাছি এলাকায় একের পর এক ডেটা সেন্টার নির্মাণের উদ্যোগ ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ বাড়ছে। প্রযুক্তিগত উন্নয়নের বিরোধিতা না করলেও আবাসিক এলাকার পাশে অপরিকল্পিতভাবে এসব স্থাপনা নির্মাণের প্রতিবাদ জানাচ্ছেন তারা।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

প্রতিবেদনে বলা হয়, এথেন্সের কাছে স্পাতা এলাকার আধা-গ্রামীণ জনপদে সূর্যাস্তের সময় পিয়ার্স কলেজের খেলার মাঠে শরীরচর্চা করছিল একদল শিক্ষার্থী। গ্রিসের অন্যতম স্বনামধন্য আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠানটির ঠিক বিপরীতেই কয়েক মাসের মধ্যে একটি বিশাল ডেটা সেন্টার নির্মাণের কাজ শুরু হওয়ার কথা। এ ছাড়া আশপাশের এলাকায় আরও দুটি ডেটা সেন্টার নির্মাণের কাজ চলছে।

 

স্থানীয় বাসিন্দা ইয়োরগোস মিনারদোস বলেন, ‘আমরা প্রযুক্তিগত উন্নয়নের বিরোধী নই। আমরা শুধু চাই, মানুষের জীবনযাত্রা ও সম্পত্তির সঙ্গে সামঞ্জস্য রেখে এসব প্রকল্প বাস্তবায়ন করা হোক। শুধু ডেটা সেন্টারের চাহিদা বেড়েছে বলে কোনো ধরনের পরিকল্পনা ছাড়াই এগুলো নির্মাণ করা উচিত নয়।’

 

কাছের ছোট জনপদ ক্রিস্টোপুলিতে মিনারদোসের বাড়ি। সেখানে গ্রিসের প্রধান বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান পাবলিক পাওয়ার করপোরেশন (পিপিসি) এবং দুবাইভিত্তিক আবাসন উন্নয়ন প্রতিষ্ঠান দামাকের উদ্যোগে নির্মাণাধীন ১৫ কোটি ইউরোর একটি ডেটা সেন্টার থেকে তার বাড়ির দূরত্ব ২০০ মিটারেরও কম।

 

একসময় জলপাইবাগান ও আঙুরখেতে ঘেরা ছিল স্পাতা এলাকার বিস্তীর্ণ অঞ্চল। এথেন্স থেকে প্রায় ২০ কিলোমিটার পূর্বে অবস্থিত এই এলাকায় ২০০১ সালে এথেন্স বিমানবন্দর স্থানান্তরের পর দ্রুত নগরায়ণ শুরু হয়।

 

ডেটা সেন্টার নির্মাণে সরকারের জোরালো উদ্যোগ

 

গ্রিসজুড়ে একের পর এক ডেটা সেন্টার নির্মাণের উদ্যোগ এগিয়ে নিচ্ছে প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিসের নেতৃত্বাধীন রক্ষণশীল সরকার। দেশটিকে দক্ষিণ-পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলসহ বৃহত্তর এলাকার গুরুত্বপূর্ণ ডেটা ও ডিজিটাল অবকাঠামো কেন্দ্রে পরিণত করাই সরকারের লক্ষ্য।

 

গত বছর প্রধানমন্ত্রী বলেছিলেন, বিশ্ব অর্থনীতিতে শুরু হওয়া পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে গ্রিসকে অবকাঠামোগতভাবে প্রস্তুত করা হচ্ছে। অর্থনৈতিক রূপান্তরের ক্ষেত্রে দেশটিকে শীর্ষস্থানীয় ও অগ্রগামী অবস্থানে রাখাই তাদের লক্ষ্য।

 

তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি ও আঞ্চলিক কর্তৃপক্ষ আবাসিক এলাকার কাছেই বড় শিল্পকারখানার মতো ডেটা সেন্টার নির্মাণের অনুমতি দিয়েছে। অথচ এসব স্থাপনা এলাকার বাণিজ্যিক ভূমি ব্যবহারের বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

 

২০২৫ সালে প্রায় ৪০ জন বাসিন্দা ডেটা সেন্টার নির্মাণের অনুমতির বিরুদ্ধে গ্রিসের সর্বোচ্চ প্রশাসনিক আদালত কাউন্সিল অব স্টেটে অভিযোগ দায়ের করেন। আগামী ফেব্রুয়ারিতে মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে।

 

গুরুত্বপূর্ণ ডেটা হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা

 

পিপিসি জানিয়েছে, তাদের নির্মাণাধীন ১২ দশমিক ৫ মেগাওয়াট ক্ষমতার ডেটা সেন্টারটি ইউরোপ, এশিয়া ও আফ্রিকার মধ্যে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে দক্ষিণ-পূর্ব ইউরোপে তথ্যপ্রযুক্তি সক্ষমতার ক্ষেত্রে গ্রিসের অবস্থান আরও শক্তিশালী হবে।

 

চলতি বছরই প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত সেখানে কেবল কংক্রিটের অবকাঠামো নির্মাণ করা হয়েছে।

 

এর কয়েকশ মিটার দূরে মাইক্রোসফটের জন্য আরও বড় একটি ডেটা সেন্টার নির্মাণ করা হচ্ছে। এর সক্ষমতা ১৯ দশমিক ২ মেগাওয়াট। নির্মাণকারী প্রতিষ্ঠান রেনকো জানিয়েছে, বিদ্যুতের ব্যবহার সর্বনিম্ন পর্যায়ে রাখার বিষয়টি বিবেচনায় নিয়ে স্থাপনাটি তৈরি করা হচ্ছে।

 

তবে স্থানীয় বাসিন্দাদের উদ্বেগের বিষয়টি স্পষ্ট করে নির্মাণকাজের সহযোগী প্রতিষ্ঠান তেরনা মাইক্রোসফটের এই স্থাপনাটিকে ‘শিল্পকারখানার মতো অবকাঠামো’ হিসেবে বর্ণনা করেছে।

 

পিয়ার্স কলেজের কাছেই তৃতীয় ডেটা সেন্টারটি নির্মাণ করছে বিনিয়োগ প্রতিষ্ঠান পিমকো। যৌথভাবে বাস্তবায়ন করা এই প্রকল্পের সক্ষমতা হবে সর্বোচ্চ ৮০ মেগাওয়াট।

 

প্রকল্পটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩০ কোটি ইউরো। ২০২৮ সালে এর কাজ শেষ হওয়ার কথা। একই বছর প্রায় ১০ কোটি ইউরো ব্যয়ে নির্মাণাধীন মাইক্রোসফটের ডেটা সেন্টারটির কাজও শেষ হওয়ার কথা রয়েছে।

 

গত মার্চে গ্রিস সরকার পরামর্শক প্রতিষ্ঠান পিডব্লিউসির একটি সমীক্ষা প্রকাশ করে। এতে বলা হয়, দেশটিতে ১ গিগাওয়াটের বেশি সক্ষমতার ডেটা সেন্টার নির্মাণে বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে, যা বর্তমান সক্ষমতার তুলনায় ২০ গুণেরও বেশি। এ ধরনের অবকাঠামো নির্মাণে ৩৫টির বেশি বিনিয়োগ প্রস্তাব এসেছে। এসব প্রস্তাবের অধিকাংশই এথেন্সের বৃহত্তর অঞ্চলকেন্দ্রিক।

 

এআই প্রযুক্তির জন্য বাড়ছে বিদ্যুতের চাহিদা

 

গত অক্টোবরে পার্লামেন্টে এক প্রশ্নের মাধ্যমে গ্রিসের সাবেক সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রেউ ডেটা সেন্টার নির্মাণের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

 

তিনি বলেন, এই প্রযুক্তি বিদ্যুৎ সরবরাহব্যবস্থার ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে। প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের ব্যয় বাড়িয়ে দিতে পারে। এমনকি সেই বাড়তি ব্যয়ের একটি অংশ শেষ পর্যন্ত সাধারণ গ্রাহকদের ওপর চাপিয়ে দেওয়া হতে পারে।

 

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে ইউরোপে ডেটা সেন্টারগুলোর বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ ৭০ শতাংশ বেড়ে যেতে পারে।

 

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) পণ্য ও সেবার চাহিদা বাড়তে থাকায় মেটা, গুগল, মাইক্রোসফট ও অ্যামাজনের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ডেটা সেন্টার নির্মাণে বিপুল বিনিয়োগ করছে। তবে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে এসব স্থাপনা নির্মাণের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদও বাড়ছে।

 

যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা ডেটা সেন্টার ওয়াচের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম তিন মাসে স্থানীয় বাসিন্দাদের বিরোধিতার কারণে দেশটিতে অন্তত ৭৫টি ডেটা সেন্টার নির্মাণ প্রকল্প বন্ধ হয়ে গেছে অথবা বিলম্বিত হয়েছে।

 

ডেটা সেন্টারে সার্ভার ঠান্ডা রাখতে প্রচুর মিঠাপানির প্রয়োজন হয়। এ কারণে স্থানীয় এলাকায় পানির সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

 

ওয়েস্ট অ্যাটিকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের সহকারী অধ্যাপক এলিসাভেট ফেলোনি বলেন, বড় ডেটা সেন্টার পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো সাধারণত পানি বাষ্পীভবনের মাধ্যমে শীতলীকরণ পদ্ধতি ব্যবহার করে। বছরের প্রায় ১৫ শতাংশ দিনে এ পদ্ধতিতে পানি প্রয়োজন হয়।

 

তিনি বলেন, ‘এই পানির চাহিদা ঠিক সেই সময়েই তৈরি হয়, যখন তাপপ্রবাহ দেখা দেয়। আর তখনই পানির আধারগুলো সবচেয়ে বেশি চাপের মুখে থাকে।’

 

তাপপ্রবাহ ও শব্দদূষণ নিয়ে উদ্বেগ

 

ক্রিস্টোপুলির বাসিন্দারা জানিয়েছেন, একটি ডেটা সেন্টার নির্মাণকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের বলা হয়েছিল, শীতলীকরণ যন্ত্রের শব্দে সমস্যা হলে জানালা বন্ধ করে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র চালাতে।

 

এমন পরামর্শে ক্ষুব্ধ হয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ ছাড়া ডেটা সেন্টারগুলো চালু হলে আশপাশের এলাকার তাপমাত্রা আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তারা। এমনিতেই অঞ্চলটি তাপপ্রবাহের ঝুঁকিতে রয়েছে।