ঝালকাঠি জেলা প্রতিনিধি:
ঝালকাঠি শহরের শাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। আনন্দ-উচ্ছ্বাস, স্মৃতিচারণ ও শুভকামনায় উৎসবমুখর পরিবেশে কাটে দিনটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জুলিয়া সুকায়না। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম তালুকদার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহসভাপতি আবু সালেহ মো. হাসান।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা নানা আয়োজনের মধ্য দিয়ে আনন্দ ভাগাভাগি করে নেয়। বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষাজীবনের শেষ দিনগুলোকে স্মরণীয় করে রাখতে ক্লাস পার্টিতে ছিল উৎসবমুখর পরিবেশ। পাশাপাশি বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য ও নতুন শিক্ষাজীবনের অগ্রযাত্রা কামনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীরা জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। এ সময় তাদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, সুশিক্ষায় শিক্ষিত হয়ে নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধসম্পন্ন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষক ও অভিভাবকদের অবদান স্মরণ রেখে নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে জীবনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তাঁরা।
এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. আমীর হোসেন, হাফিজুর রহমান, অনিল কৃষ্ণ দেবনাথ, মনিরুজ্জামান ও মো. জহিরুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।