নিজস্ব প্রতিবেদক :
লিবিয়ায় দীর্ঘদিন ধরে নানা সংকট ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে আটকে থাকা আরও ১৭৩ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ উদ্যোগে এ মানবিক প্রত্যাবাসন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
দূতাবাস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৬টার দিকে বুরাক এয়ারের বিশেষ ফ্লাইট (ইইউজেড২২২) যোগে দেশে ফিরবেন এসব অভিবাসী। তাঁদের মধ্যে ত্রিপলী থেকে ৭৭ জন এবং মিসরাতা থেকে ৯৬ জন রয়েছেন। দীর্ঘদিন ধরে তাঁরা লিবিয়ার বিভিন্ন ক্যাম্পে ও ঝুঁকিপূর্ণ পরিবেশে মানবেতর জীবনযাপন করছিলেন। দূতাবাসের উদ্যোগে আইওএমের সহযোগিতায় তাঁদের জরুরি ভিত্তিতে দেশে ফেরানোর প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে।
প্রত্যাবাসিতদের মধ্যে ২৯ জন শারীরিকভাবে অসুস্থ বলে জানা গেছে। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিমানবন্দরে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
দূতাবাস জানিয়েছে, স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী অভিবাসীদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে তারা কাজ করে যাচ্ছে। লিবিয়ায় অবস্থানরত অন্যান্য বাংলাদেশির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশে ফিরতে ইচ্ছুক ব্যক্তিদের তালিকা তৈরি করে পর্যায়ক্রমে ফিরিয়ে আনার কার্যক্রমও অব্যাহত রয়েছে।
এর আগেও বিভিন্ন সময়ে লিবিয়া থেকে মানবিক সহায়তায় বহু বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। অবৈধ পথে ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে লিবিয়ায় আটক হওয়া বাংলাদেশিদের মধ্যে যারা স্বেচ্ছায় দেশে ফিরতে চান, তাঁদের আইনি সহায়তা ও যাতায়াতের সুবিধা দিয়ে ফিরিয়ে আনাই এ কার্যক্রমের মূল লক্ষ্য।