নিজস্ব প্রতিবেদক :
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জন্য রাশিয়া থেকে আনা পারমাণবিক জ্বালানির নবম ও শেষ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। শুক্রবার ভোর ৫টা ৪৮ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী বিশেষ গাড়িবহরটি বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করে। এর আগে বৃহস্পতিবার রাত ১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে বহরটি।
চলতি বছরে রাশিয়া থেকে আনা পারমাণবিক জ্বালানির মোট নয়টি চালান রূপপুর প্রকল্পে পৌঁছেছে। প্রতিটি চালান বিশেষ কার্গো বিমানে ঢাকায় পৌঁছানোর পর সেনাবাহিনীর সরাসরি তত্ত্বাবধানে এবং এসআরবি, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় সড়কপথে ঈশ্বরদীতে নেওয়া হয়।
জ্বালানি পরিবহনের পুরো যাত্রাপথে ঢাকা থেকে ঈশ্বরদী পর্যন্ত বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছিল। নির্বিঘ্নে বহর চলাচল নিশ্চিত করতে বিভিন্ন স্থানে সাধারণ মানুষের চলাচল ও যানবাহন নিয়ন্ত্রণ করা হয়।
এদিকে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমও এগিয়ে চলছে। কেন্দ্রটি ইতিমধ্যে দুই দফায় পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেছে। সর্বশেষ গত ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয়বারের মতো ইউনিটটি জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করা হয়। এ সময় টানা প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হয়। জাতীয় সঞ্চালন লাইন সূত্র অনুযায়ী, এই সময়ে প্রায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। এর আগে গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
প্রকল্প-সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরীক্ষামূলক কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো টারবাইন-জেনারেটর ব্যবস্থা, পরিচালনগত দিক এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতির কার্যকারিতা যাচাই করা। দ্বিতীয় দফার পরীক্ষা শেষে ইউনিটটি গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। এখন পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের মেয়াদ ২০২৮ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে নির্মিত এ প্রকল্পের মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। এর প্রতিটি ইউনিটের সক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট।
পূর্ণ সক্ষমতায় চালু হলে কেন্দ্রটি থেকে অন্তত ২ হাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে রূপপুর প্রকল্প বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।