নিজস্ব প্রতিবেদক :
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান খলিল আল-হাইয়ার ছোট ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে ইসরাইল। শুক্রবার রাতে গাজা সিটির পশ্চিমাঞ্চলীয় রিমাল এলাকায় একটি আবাসিক অ্যাপার্টমেন্টে বিমান হামলা চালিয়ে তাকে লক্ষ্যবস্তু করা হয়। তবে তিনি প্রাণে বেঁচে গেছেন বলে জানিয়েছে হামাসের একটি নিরাপত্তা সূত্র।
গাজার একটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানায়, খলিল আল-হাইয়ার জীবিত ছেলেদের মধ্যে সবচেয়ে ছোট ইজ্জ আল-দিন আল-হাইয়া এবং তার প্রয়াত ভাই আজ্জামের পরিবারের সদস্যরা শুক্রবার ভোরে ইসরাইলের ওই হামলা থেকে রক্ষা পান।
যুদ্ধবিধ্বস্ত গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও সাম্প্রতিক দিনগুলোতে হামাসের বিভিন্ন কর্মকর্তাকে লক্ষ্য করে ইসরাইলি বাহিনীর ধারাবাহিক হামলার মধ্যে সর্বশেষ এ ঘটনা ঘটল। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, শুক্রবার পুরো উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় সাতজন নিহত হয়েছেন।
এ বিষয়ে এএফপির পক্ষ থেকে জানতে চাওয়া হলে ইসরাইলি সামরিক বাহিনী জানায়, তারা ঘটনাটি খতিয়ে দেখছে।
হামাসের রাজনৈতিক শাখার সদস্য বাসেম নাইম এএফপিকে বলেন, সংগঠনটির রাজনৈতিক শাখার প্রধান খলিল আল-হাইয়ার ছোট ছেলেকে লক্ষ্য করে ইসরাইলের এ হামলার চেষ্টা ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’-এর শামিল। অন্যদিকে, এক বিবৃতিতে হামাস এ হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে আখ্যা দিয়েছে।
ইসরাইলি হামলায় খলিল আল-হাইয়ার চার ছেলে ইতোমধ্যে নিহত হয়েছেন। চলতি বছরের মে মাসে একজন এবং ২০২৫ সালের সেপ্টেম্বরে কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে চালানো ইসরাইলি হামলায় আরেকজন নিহত হন। এ ছাড়া ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরাইল আক্রমণের মধ্য দিয়ে গাজা যুদ্ধ শুরুর আগেই তার আরও দুই ছেলে নিহত হয়েছিলেন।
গাজায় ইসরাইলি হামলা অব্যাহত
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানায়, শুক্রবার দক্ষিণ গাজার রাফাহ শহরের পশ্চিমাঞ্চলে ইসরাইলি ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন। কাছের নাসের হাসপাতালও হামলার পর তিনজনের মরদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ইসরাইলি সামরিক বাহিনী এএফপিকে জানায়, ওই এলাকায় ‘তিন সন্ত্রাসীকে’ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
এ ছাড়া উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরের পশ্চিমাঞ্চলে আরেকটি ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ও আল-শিফা হাসপাতাল। ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা এ ঘটনার বিষয়ে খোঁজখবর নিচ্ছে।
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা আরও জানায়, গাজা সিটির আল-শিফা হাসপাতালের কাছে ইসরাইলি ড্রোন হামলায় দুজন নিহত হয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষও হামলার পর দুজনের মরদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ইসরাইলি সামরিক বাহিনী এএফপিকে জানায়, ওই এলাকায় একজন ‘সন্ত্রাসীকে’ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
এদিকে, রাফাহ এলাকায় ইসরাইলি বাহিনীর গুলিতে আরও একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, তারা এ ঘটনার বিষয়টিও তদন্ত করে দেখছে।