নিজস্ব প্রতিবেদক :
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত পুলিশ সার্জেন্ট ও উপপরিদর্শকদের (এসআই) সততা, দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের। ভয়ভীতি ও পক্ষপাতিত্বের ঊর্ধ্বে থেকে সব শ্রেণি-পেশার মানুষের আইনি সেবা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট এসআই-২০২৬ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে এসব নির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
কুচকাওয়াজে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ব্যাচের ৮৪ জন এবং ৪৩তম ক্যাডেট এসআই ব্যাচের ১৬২ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং পুলিশ একাডেমির প্রিন্সিপাল ও অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসান উপস্থিত ছিলেন। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (এএসপি) প্রবেশনার মো. মাহবুব হোসেন।
প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় আটজন প্রশিক্ষণার্থীকে পুরস্কৃত করা হয়। শিক্ষানবিশ সার্জেন্টদের মধ্যে সেরা নির্বাচিত হন মো. ওমর ফারুক। একাডেমিক বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন মোহাম্মদ দেলোয়ার হোসাইন। মাঠপর্যায়ের কার্যক্রমে সেরা হন সাইফুল ইসলাম এবং সেরা শুটার নির্বাচিত হন মো. আসাদুজ্জামান।
ক্যাডেট এসআইদের মধ্যে সেরা ক্যাডেট নির্বাচিত হন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। একাডেমিক বিষয়ে সেরা হন মো. বোরহানুল ইসলাম। মাঠপর্যায়ের কার্যক্রমে শ্রেষ্ঠত্ব অর্জন করেন দেওয়ান গোলাম রসুল এবং সেরা শুটার নির্বাচিত হন মো. কামাল গনি।
পুলিশ একাডেমি সূত্রে জানা গেছে, ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ শেষে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ব্যাচের সদস্যরা নিজ নিজ ইউনিটে যোগ দেবেন। অন্যদিকে, ৪৩তম ক্যাডেট এসআই ব্যাচের প্রশিক্ষণার্থীরা শিক্ষানবিশ উপপরিদর্শক (নিরস্ত্র) হিসেবে পুলিশের বিভিন্ন ইউনিটে পদায়িত হবেন।
অনুষ্ঠানে বিভিন্ন পদমর্যাদার সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কুচকাওয়াজের আয়োজন সম্পন্ন করায় পুলিশ একাডেমির প্রিন্সিপাল, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী।