নিজস্ব প্রতিবেদক :

 

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছেন বায়োগ্যাস প্ল্যান্টের মাধ্যমে জ্বালানি সংকট মোকাবেলা করা হবে । যুবকদের প্রশিক্ষণ দিয়ে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে ফ্রিল্যান্সিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মোবাইল সার্ভিসিং ও ড্রাইভিংসহ বিভিন্ন দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছে সরকার। আজ শনিবার দুপুর ১টার দিকে নীলফামারীর সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের আইসঢাল হাজিপাড়ায় মোঃ মাহবুবার রহমান বকুলের পরিবেশবান্ধব ও জ্বালানিসাশ্রয়ী বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাসের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় বাড়িতে বাড়িতে গবাদিপশু, হাঁস-মুরগি ও খামার রয়েছে। এসব খামারের বর্জ্য কাজে লাগিয়ে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা গেলে দেশের জ্বালানি সংকট অনেকটাই মোকাবিলা করা সম্ভব।

 

একই সঙ্গে তরুণ ও নারীরা বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে স্বাবলম্বী হতে পারবেন। উৎপাদিত গ্যাস আশপাশের বাড়িতে সরবরাহ করেও তাঁরা মুনাফা অর্জন করতে পারবেন। প্রতিমন্ত্রী আরও বলেন, যুবকদের অগ্রাধিকার দিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে। যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করার পাশাপাশি তাঁদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। সৈয়দপুরের উন্নয়ন ও ক্রীড়া অবকাঠামো প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সৈয়দপুর কোনো পিছিয়ে পড়া উপজেলা নয়। বর্তমান সরকার খেলাধুলাকে পেশাদারত্বের পর্যায়ে নিয়ে যেতে কাজ শুরু করেছে। এর মাধ্যমে নতুন প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা হচ্ছে।

 

প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে খেলার মাঠ তৈরি করতে। সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে। খেলাধুলাকে মাদকমুক্ত সমাজ গঠনের অন্যতম হাতিয়ার উল্লেখ করে আমিনুল হক বলেন, বর্তমান সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। খুব দ্রুত জেলা ও উপজেলা পর্যায়ের স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে খেলাধুলার উপযোগী করে তোলা হবে। এ লক্ষ্যে একটি প্রকল্পও হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, আগামী ২০২৭ সালের শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে ‘খেলাধুলা’ নামে একটি নতুন বই পাঠ্যক্রমে যুক্ত করা হচ্ছে। পাঠ্যপুস্তকে খেলাধুলাকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে নতুন প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তোলা সম্ভব হবে। আগামীর বাংলাদেশ যাদের ওপর নির্ভর করছে, সেই প্রজন্মকে মাদকমুক্ত সমাজ উপহার দেওয়াই সরকারের অন্যতম লক্ষ্য। এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন