নিজস্ব প্রতিবেদক :
গাজীপুর ও নারায়ণগঞ্জসহ পার্শ্ববর্তী শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে ড্রোন ও বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে লাইভ মনিটরিং জোরদার করেছে বাহিনীটি।
মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে গাজীপুরের সফিপুর, কালিয়াকৈর ও কোনাবাড়ী এলাকায় ১০ প্লাটুন এবং নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় দুই প্লাটুন দায়িত্ব পালন করছেন। পাশাপাশি আশুলিয়া ও মিরপুরসহ সংশ্লিষ্ট শিল্পাঞ্চলের পরিস্থিতিও পর্যবেক্ষণ করা হচ্ছে।
মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ ও দ্রুত ব্যবস্থা নিতে গুরুত্বপূর্ণ সড়ক, সংযোগস্থল এবং সংবেদনশীল এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। দায়িত্ব পালনরত সদস্যদের বডি ওর্ন ক্যামেরার ফুটেজও পর্যবেক্ষণ করা হচ্ছে। এতে দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সদর দপ্তরের কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে এসব ক্যামেরার সরাসরি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি মাঠপর্যায়ের পরিস্থিতি মূল্যায়ন করে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।
বিজিবি জানিয়েছে, জনসাধারণের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল এবং শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে পেশাদারত্ব ও সংযমের সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত থাকবে।