মোঃ মাসুম খান,ঝালকাঠি।
শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাস নয়, পরিবার ও সমাজের সর্বস্তরে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি শিক্ষার্থীদের মা-বাবা, ভাই-বোন ও পরিবারের বড়দের সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে ঝালকাঠি সরকারি কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন, ‘তোমরা আমার সঙ্গে কথা দাও, মা-বাবা, ভাই-বোন ও পরিবারের বড়দের সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। শুধু কলেজ ক্যাম্পাস নয়, পুরো সমাজকে মাদকমুক্ত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’
তিনি বলেন, শিক্ষার উদ্দেশ্য শুধু সনদ অর্জন নয়, বরং জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে যোগ্য, কর্মমুখী ও মানবিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলা। এ জন্য পাঠ্যবইয়ের পাশাপাশি অন্যান্য বিষয়ে জ্ঞানচর্চা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে হবে। একই সঙ্গে শিক্ষকদের সম্মান করা, বড়দের শ্রদ্ধা করা এবং সামাজিক ও মানবিক মূল্যবোধ ধারণ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মেরিন সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. বশির গাজী, ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইলিয়াস বেপারী এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঝালকাঠির নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) স্নেহলতা রায়।
এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ৪৫০ জন নবীন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।