-ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম

 

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির নজিরবিহীন ভরাডুবি এবং মধ্যপ্রাচ্য নীতি নিয়ে ওয়াশিংটনের রাজনীতিতে এক নজিরবিহীন ঝড় উঠেছে। পরাজয়ের ধাক্কা সামলাতে না সামলাতেই গত রাতে পেন্টাগনের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম এক্সিওস (Axios) রিপোর্ট করেছে— “Trump meets with national security team, says Iran war decision coming soon” (ট্রাম্পের সঙ্গে জাতীয় নিরাপত্তা দলের বৈঠক, ইরানের বিরুদ্ধে যুদ্ধের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত আসছে)।

 

এখন প্রশ্ন হচ্ছে— ট্রাম্প আসলে কোন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন? তিনি কি নির্বাচনে ভরাডুবির পর ইরানে আবার নতুন করে সামরিক হামলা চালিয়ে নিজেকে ‘বিজয়ী’ ঘোষণা করতে চাইবেন, নাকি নিজের ক্ষমতা বাঁচাতেই হিমশিম খাবেন?

 

বেলজিয়ান সাংবাদিক ও ভূ-রাজনীতি বিশ্লেষক অ্যালাইজা ম্যাগনেইর সম্প্রতি ‘ডায়লগ ওয়ার্কস’ শো-তে এসে একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন— “Trump doesn’t have any options left” (ট্রাম্পের হাতে আর কোনো বিকল্প অবশিষ্ট নেই)।

 

ম্যাগনেইরের এই বক্তব্যের পেছনে মূল ভূ-রাজনৈতিক হিসাবটা খুবই পরিষ্কার। ট্রাম্প যদি এখন ইরানে হামলা না করেন, তবে ইজরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কোনোভাবেই আর ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। ইজরাইলি সংবাদ মাধ্যমগুলোর সাম্প্রতিক খবর অনুযায়ী, সেদেশের আরব দলগুলো গ্যাডি আইসেনকোটের জোটকে সমর্থন দিলেও সরাসরি সরকারে যোগ দেবে না। অর্থাৎ, আইসেনকোট চাইলেই এখন বিকল্প সরকার গঠন করতে পারেন, যা নেতানিয়াহুর রাজনৈতিক সমাপ্তির স্পষ্ট ইঙ্গিত।

 

যদিও ইজরাইলের বিখ্যাত পত্রিকা ‘হারেটজ’-এর প্রবীণ সাংবাদিক ও সাম্যবাদী লেখক গিডিয়ান লেভি বলেছেন— “Never trust these parties. They are all the same” (এই দলগুলোর কাউকেই বিশ্বাস করবেন না। এরা সবাই একই রকম)।

 

ভূ-রাজনীতির একজন শিক্ষক ও এশিয়ান স্টাডিজের গবেষক হিসেবে গিডিয়ান লেভির এই পর্যবেক্ষণ অত্যন্ত গভীর। গত এক দশক ধরে তাঁকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আসছি। ইজরাইলের মতো একটি চরমপন্থী রাষ্ট্রে দাঁড়িয়ে গিডিয়ান লেভির মতো মানুষরা এখনও স্রোতের বিপরীতে লড়াই চালিয়ে যাচ্ছেন। তবে দলগুলোকে ভরসা না করলেও বর্তমান সমীকরণ বলছে, তারা শেষ পর্যন্ত জোট বেঁধে ফেলবে। যার অর্থ দাঁড়াচ্ছে— নেতানিয়াহুর কপাল এবার সত্যিই পুড়তে চলেছে।

 

সম্প্রতি মার্কিন ভূ-রাজনীতি বিশ্লেষক অ্যান্থনি, নরওয়েজিয়ান অধ্যাপক গ্লেন ডাইসেনের শো-তে এসে মন্তব্য করেছেন— “Netanyahu will do everything in his power over the next two weeks to persuade Trump at any cost” (নেতানিয়াহু আগামী দুই সপ্তাহে তার সর্বশক্তি দিয়ে ট্রাম্পকে যেকোনো মূল্যে রাজি করানোর চেষ্টা করবে)।

 

বাস্তবতাও তাই বলছে। নেতানিয়াহু যদি ট্রাম্পকে রাজি করাতে না পারেন, তবে ট্রাম্প হয়তো আইনি লড়াইয়ে বেঁচে যেতে পারেন, কিন্তু নেতানিয়াহুর নিশ্চিত গন্তব্য হবে কারাগার। অন্যদিকে ট্রাম্পের নিজের অবস্থাও এখন সঙ্কটাপন্ন। কংগ্রেসে ক্ষমতা হারানোর পর তাঁর ইম্পিচমেন্ট (অভিশংসন) এবং প্রেসিডেন্সি হারানোর সম্ভাবনা এখন প্রায় শতভাগ।

 

মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন সম্প্রতি একটি বিশ্লেষণাত্মক কলাম প্রকাশ করেছে, যার শিরোনাম ছিল— “Who’s most likely to run in 2028 and how they’re faring after the midterms”। সেখানে জেডি ভান্স, মার্কো রুবিও-সহ রিপাবলিকান পার্টির সম্ভাব্য ২০২৮ সালের প্রেসিডেন্ট প্রার্থীদের অবস্থা তুলে ধরা হয়েছে। চমকপ্রদ বিষয় হলো, নির্বাচনে পরাজয়ের পর দলের প্রায় সব শীর্ষ নেতাই এখন ট্রাম্পের কাছ থেকে দূরত্ব বজায় রাখছেন এবং প্রকাশ্যে তাঁর সমালোচনা করছেন। গত দুই দশকে মার্কিন রাজনীতিতে এমন দৃশ্য সচরাচর দেখা যায়নি।

 

নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সামাজিক মাধ্যমে তিন পৃষ্ঠার এক দীর্ঘ বিশ্লেষণ পোস্ট করেছেন। যার মূল নির্যাস হলো— “We lost because of the Iran war. To avoid future defeats, we must start with Iran” (আমরা হেরেছি ইরান যুদ্ধের কারণে। তাই ভবিষ্যৎ ভরাডুবি থেকে বাঁচতে হলে ইরান থেকেই সমাধান শুরু করতে হবে)।

 

ভান্স পরিষ্কার ভাষায় ইঙ্গিত দিয়েছেন যে ইরান যুদ্ধ এখনই বন্ধ করতে হবে এবং ইজরাইলের প্রতি আমেরিকার অন্ধ পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে হবে। ফ্লোরিডার গভর্নর রন ডি-স্যান্তিসও সুর চড়িয়ে বলেছেন— “Without Florida, the Republican Party would have been completely wiped out”। অর্থাৎ, তিনি বোঝাতে চেয়েছেন ফ্লোরিডায় যেটুক সাফল্য এসেছে তা তাঁর কারণে, ট্রাম্পের জনপ্রিয়তার জন্য নয়।

 

এখন প্রশ্ন ওঠে— ট্রাম্প কি পারবেন ইজরাইল লবির হাত থেকে নিজেকে রক্ষা করতে?

 

চাইনিজ ভূ-রাজনীতি বিশ্লেষক ভিক্টর গাও বারবার সতর্ক করে বলেছেন, মোসাদের কাছে এমন কিছু গোপন নথি বা সংবেদনশীল ভিডিও ফুটেজ আছে, যা প্রকাশ পেলে ট্রাম্প ‘এপস্টিন ফাইল’ কেসে পুরোপুরি ফেঁসে যাবেন। তাই ট্রাম্প যদি আবারও ইরানে কোনো উস্কানিমূলক যুদ্ধ শুরু করেন, তবে ধরে নিতে হবে নেতানিয়াহু তাঁকে ব্ল্যাকমেইল করছেন।

 

কিন্তু সমস্যা হলো, জানুয়ারির ৩ তারিখে ডেমোক্রেটরা যখন হাউজ ও সিনেটের পূর্ণ নিয়ন্ত্রণ হাতে নেবে, তখন তারা ট্রাম্পকে অভিশংসিত করতে দ্বিধা করবে না এবং এপস্টিন ফাইল কেসও নতুন করে পুনরুজ্জীবিত করবে। মার্কিন সংবিধান অনুযায়ী, হাউজে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় ইম্পিচ হওয়ার পর সিনেটের ১০০ জন সদস্যের মধ্যে ৬৭ জনের ভোট লাগলে প্রেসিডেন্সি বাতিল হয়ে যায়। ডেমোক্রেটরা যদি ৫৬টি সিট পায়, তবে ট্রাম্পকে সরাতে আর মাত্র ১১টি রিপাবলিকান ভোটের প্রয়োজন হবে। নিজ দলের ভবিষ্যৎ বাঁচাতে রিপাবলিকান সিনেটরদের অনেকেই হয়তো তখন ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিয়ে দেবেন।

 

নিজের ঘাড়ে দোষ না নিয়ে ট্রাম্প এখন চারদিকে বলির পাঁঠা খুঁজছেন। সকালে তিনি দোষ দিচ্ছেন ওয়ার সেক্রেটারি পিট হেগসেথকে, তো রাতে দোষ চাপাচ্ছেন অ্যাডমিরাল কুপারের ওপর। এমনকি ট্রাম্প দাবি করেছেন— “ভোটে তো আর আমি ছিলাম না, আমি থাকলে জিততাম!” অথচ নির্বাচনের মাত্র দুই দিন আগেও এই বুর্জোয়া ম্যানিয়াকটি বড় গলায় বলেছিল— “Everyone will vote just thinking that I’ll be on the ballot।” মার্কিন জনগণ ঠিক সেটাই মনে করে ভোট দিয়েছে এবং রিপাবলিকানদের প্রত্যাখ্যান করেছে।

 

আজ থেকে আট মাস আগে যখন মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ ছড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছিল, তখনই আমি বলেছিলাম— ইরানে এসে ট্রাম্প আটকা পড়বেন। ইরান থেকে আমেরিকার আর কিছুই পাওয়ার নেই, শুধুই হারানোর আছে।

 

বর্তমানে ট্রাম্পের সামনে একটিই পথ খোলা আছে— ইরানের বাস্তবতাকে স্বীকার করে সেখান থেকে নিজেকে গুটিয়ে নেওয়া। মার্কিন সাম্রাজ্যের ভেতরের ভঙ্গুরতা আজ বিশ্ববাসীর সামনে উন্মোচিত। সম্প্রতি ডেমোক্রেট সিনেটর ক্রিস মারফি সৌদি আরব ও কাতারে থাকা মার্কিন সামরিক ঘাঁটি পরিদর্শন করতে চেয়েছিলেন, কিন্তু ট্রাম্প ও পেন্টাগন তাঁকে অনুমতি দেয়নি। কারণ, সেখানে আমেরিকান ঘাঁটিগুলোর কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা তারা গোপন রাখতে চেয়েছিল। কিন্তু ডেমোক্রেটদের হাতে কংগ্রেসের নিয়ন্ত্রণ আসার পর এই সত্যিগুলো আর লুকিয়ে রাখা সম্ভব হবে না।

 

দিনশেষে ডেমোক্রেট ও রিপাবলিকান— দুই দলই একই সাম্রাজ্যবাদী মুদ্রার এপিঠ-ওপিঠ। জো বাইডেন মানবাধিকারের কথা বলে ক্ষমতায় এসে ইজরাইলের ছায়াতলে গাজায় এই শতাব্দীর সবচেয়ে বর্বর গণহত্যায় মদদ দিয়েছিলেন, আর ট্রাম্প “নতুন কোনো যুদ্ধ শুরু করব না” বলে ক্ষমতায় এসে ইজরাইলি লবিস্টদের প্রভাবে মধ্যপ্রাচ্যকে আগুনে জ্বালিয়েছেন। দুজনকেই তাদের ভুলের খেসারত দিতে হচ্ছে। ইজরাইলি বিলিয়নিয়ার লবিস্টদের টাকার খেলায় বন্দি হয়ে মার্কিন রাজনৈতিক এলিটরা নিজেদের ভবিষ্যৎ ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে।

 

অন্যদিকে, সমস্ত মার্কিন নিষেধাজ্ঞা ও আগ্রাসন সত্ত্বে ইরান প্রযুক্তি, বিজ্ঞান ও সামরিক সক্ষমতায় নিজেদের সার্বভৌমত্ব টিকিয়ে রেখে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ইরানের সরকারের পতন ঘটানো দূরে থাক, এই অসম যুদ্ধে দিনশেষে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব হারাতে বসেছেন ট্রাম্প ও নেতানিয়াহু।