ঝালকাঠি জেলা প্রতিনিধি:
ঝালকাঠিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিকেলে শহরের জেলেপাড়া এলাকায় একটি দোতলা ভবনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ঝালকাঠি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব চাঁদকাঠি এলাকার মোঃ জহির উদ্দিন ইব্রাহিম সাব্বির ওরফে প্রেম (২৭) এবং পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাহের রোড এলাকার আকাশ হাওলাদার ওরফে নজির আহমেদ (২৭)।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে এসআই মোঃ আলমগীর হোসেনের একটি দল শনিবার বিকেল ৩টা ৪০ মিনিটে জেলেপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জহির উদ্দিনের দোতলা ভবনের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে ১৩ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে জহির উদ্দিন ও আকাশ হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় এসআই মোঃ আলমগীর হোসেন বাদী হয়ে গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় ঝালকাঠি সদর থানায় মামলা দায়ের করেছেন। একই মামলায় মাদক বিক্রির কাজে সহায়তার অভিযোগে মোঃ সুজন (২৩) নামে আরও একজনকে আসামি করা হয়েছে। তিনি ঝালকাঠি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিকনা এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তিনি পলাতক রয়েছেন।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদক নির্মূল ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূল, অপরাধ দমন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান অব্যাহত থাকবে।