ঝালকাঠি প্রতিনিধি:

 

ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেপ্তার হওয়া কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। রোববার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার দপদপিয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

 

ছিনিয়ে নেওয়া ব্যক্তি মো. সিরাজ মোল্লা। তিনি দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি এবং ওই ইউনিয়ন পরিষদের সদস্য।

 

পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুর ১টার দিকে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে পুলিশের একটি দল দপদপিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে সিরাজ মোল্লাকে গ্রেপ্তার করে। তাঁর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তিন ভাইসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে।

 

এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের ধস্তাধস্তির একপর্যায়ে গ্রেপ্তার সিরাজ মোল্লাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়। হামলাকারীরা পুলিশের পিকআপ ভ্যানও ভাঙচুর করেন। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন বলে জানা গেছে।

 

ঘটনার পর দপদপিয়া এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ছিনিয়ে নেওয়া সিরাজ মোল্লাকে পুনরায় গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

এ বিষয়ে বক্তব্য জানতে নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ ঘটনায় পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।