মোঃ মাসুম খান, ঝালকাঠি:

 

ঝালকাঠি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে শহরের বিভিন্ন সড়কে বিশেষ মহড়া দিয়েছে ঝালকাঠি সদর থানা পুলিশ।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ মহড়ায় অংশ নেয়। এ সময় পুলিশ সদস্যরা মোটরসাইকেল ও গাড়িযোগে শহরের গুরুত্বপূর্ণ সড়ক এবং বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন।

 

মহড়ায় পুলিশের সদস্যদের ব্যাপক উপস্থিতি ও তৎপরতা ছিল চোখে পড়ার মতো। শহরের বিভিন্ন সড়কে পুলিশের এমন সক্রিয় উপস্থিতি সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ সৃষ্টি করে।

 

পুলিশের এ বিশেষ মহড়ার উদ্দেশ্য হচ্ছে অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ, অপরাধীদের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় উপস্থিতির বার্তা পৌঁছে দেওয়া এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশের প্রস্তুতি ও সক্ষমতা জোরদার করা।

 

জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ এবং শহরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল।