নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়ের করা কয়েক বিলিয়ন ডলারের মানহানি মামলায় বিবিসির অব্যাহতি চেয়ে করা আবেদন প্রত্যাখ্যান করেছেন দেশটির একটি ফেডারেল আদালত। এর ফলে সম্প্রচারমাধ্যমটির বিরুদ্ধে ট্রাম্পের দায়ের করা মামলার বিচারিক কার্যক্রম অব্যাহত রাখার পথ তৈরি হয়েছে। তবে মামলার একটি পৃথক অভিযোগ খারিজ করে দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) দেওয়া এক আদেশে যুক্তরাষ্ট্রের জেলা আদালতের বিচারক জেফ্রি টি. কুন্টজ বিবিসির আবেদন নাকচ করেন। এ খবর জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি।
মামলার অভিযোগে ট্রাম্প দাবি করেছেন, বিবিসি তাদের একটি প্রামাণ্যচিত্রে তাঁর ২০২১ সালের ৬ জানুয়ারির ভাষণের দুটি ভিন্ন অংশ জোড়া দিয়ে এমনভাবে প্রচার করেছে, যাতে মনে হয়েছে তিনি সমর্থকদের যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলা চালানোর আহ্বান জানিয়েছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা করেন তিনি এবং অন্তত ৫০০ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেন। পাশাপাশি ফ্লোরিডার ভোক্তা সুরক্ষা আইনের আওতায়ও পৃথক অভিযোগ আনেন।
আদালত মানহানির অভিযোগ খারিজ করতে বিবিসির আবেদন প্রত্যাখ্যান করলেও ফ্লোরিডার ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগটি খারিজ করে দিয়েছেন।
৪০ পৃষ্ঠার লিখিত আদেশে বিচারক কুন্টজ উল্লেখ করেন, ট্রাম্প তাঁর অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারবেন কি না এবং মামলার বিচারপর্বে প্রকৃত ক্ষতির বিষয়টি প্রতিষ্ঠা করতে পারবেন কি না, তা পরবর্তী পর্যায়ে নির্ধারিত হবে।
বিচারকের পর্যবেক্ষণে বলা হয়, ট্রাম্পের মূল বক্তব্যের দুটি অংশের মধ্যে সময়ের ব্যবধান থাকায় বিবিসির সম্পাদিত উপস্থাপনাটি নিয়ে প্রশ্ন ওঠার যথেষ্ট কারণ রয়েছে। তাঁর মতে, এটি কেবল বক্তব্যের কিছু অংশ বাদ দেওয়া বা সম্পাদনার বিষয় নয়; বরং সম্পাদনার মাধ্যমে মূল বক্তব্যের অর্থই পরিবর্তন করা হয়েছে।
এদিকে ঘটনাটির জন্য বিবিসি আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে। তবে সম্প্রচারমাধ্যমটির দাবি, প্রামাণ্যচিত্রটি ঘিরে বিতর্কের কারণে ট্রাম্পের কোনো প্রকৃত ক্ষতি হয়নি। এ ঘটনার জেরে বিবিসির একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তাও পদত্যাগ করেছেন।
আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ রায়কে ‘বড় বিজয়’ হিসেবে অভিহিত করেন। একই সঙ্গে মার্কিন জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে এমন প্রতিষ্ঠানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
এর আগে গত মাসে মামলাটি নিয়ে নতুন করে আইনি জটিলতায় পড়েন ট্রাম্প। বিবিসির পক্ষ থেকে অভিযোগ করা হয়, শপথের অধীনে তাঁর জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া এড়িয়ে যাচ্ছেন তিনি। পরে একজন ম্যাজিস্ট্রেট বিচারক আগামী ১১ ডিসেম্বরের মধ্যে আদালতে উপস্থিত হয়ে জবানবন্দি দেওয়ার নির্দেশ দেন।
আদালত আরও সতর্ক করে দিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে ট্রাম্প জবানবন্দি দিতে হাজির না হলে তাঁর বিরুদ্ধে নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। এমনকি তাঁর দায়ের করা মামলাটিও খারিজ হওয়ার ঝুঁকি রয়েছে।