নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পিত বিশাল বিজয়তোরণ নির্মাণের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ. কেনেডির পরিবারের সদস্যরা। প্রস্তাবিত স্থাপনাটি নির্মিত হলে কেনেডি পরিবারের সমাধিস্থলের দৃশ্য আড়াল হয়ে যাবে এবং ঐতিহাসিক স্থাপনার সৌন্দর্য ও নকশা ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি করেছেন তাঁরা।
মঙ্গলবার আদালতে দাখিল করা এক আবেদনে প্রকল্পটির নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ চেয়েছেন পরিবারের সদস্যরা। ওয়াশিংটন থেকে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
প্রস্তাবিত বিজয়তোরণটির উচ্চতা ২৫০ ফুট। এটি নির্মিত হলে বিশ্বের সবচেয়ে বড় বিজয়তোরণে পরিণত হবে। ওয়াশিংটনে নিজের স্থায়ী স্মারক ও ব্যক্তিগত ছাপ রেখে যাওয়ার লক্ষ্যে ট্রাম্প যেসব বড় নির্মাণ পরিকল্পনা গ্রহণ করেছেন, এটি তার অন্যতম।
আদালতে জমা দেওয়া আবেদনে কেনেডি পরিবারের সদস্যরা উল্লেখ করেন, তোরণটি নির্মিত হলে সাবেক প্রেসিডেন্ট জন এফ. কেনেডি এবং তাঁর পরিবারের সদস্যদের সমাধির দৃশ্য বাধাগ্রস্ত হবে। একই সঙ্গে সমাধিস্থলের নকশার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যও নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
তাঁদের আরও অভিযোগ, প্রস্তাবিত স্থাপনাটির অবস্থান এমনভাবে নির্ধারণ করা হয়েছে, যা লিংকন মেমোরিয়াল ও আর্লিংটন জাতীয় সমাধিক্ষেত্রের মধ্যকার সরাসরি দৃষ্টিসংযোগ বিচ্ছিন্ন করবে। গৃহযুদ্ধ-পরবর্তী সময়ে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে এই দৃষ্টিসংযোগ পরিকল্পিতভাবে রাখা হয়েছিল বলে আবেদনে উল্লেখ করা হয়।
তবে উল্লেখযোগ্য বিষয় হলো, ট্রাম্প প্রশাসনের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা রবার্ট এফ. কেনেডি জুনিয়রের নাম এই মামলার নয়জন বাদীর তালিকায় নেই।
ওয়াশিংটনের কাছে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক সামরিক সমাধিক্ষেত্র আর্লিংটনে সমাহিত রয়েছেন জন এফ. কেনেডি, তাঁর স্ত্রী জ্যাকুলিন কেনেডি ওনাসিস এবং তাঁদের দুই সন্তান। সেখানে আরও সমাহিত রয়েছেন তাঁর দুই ভাই, সাবেক সিনেটর রবার্ট এফ. কেনেডি ও এডওয়ার্ড এম. কেনেডি। রবার্ট এফ. কেনেডির স্ত্রী এথেল কেনেডিকেও সেখানে সমাহিত করা হয়েছে।
আর্লিংটন সমাধিক্ষেত্রের উঁচু স্থানে অবস্থিত কেনেডি স্মৃতিসৌধটি প্রতিদিন অসংখ্য দর্শনার্থীর আকর্ষণের কেন্দ্রবিন্দু। সেখানে একটি অনির্বাণ শিখা অবিরাম জ্বলছে। দর্শনার্থীদের কাছে এটি সমাধিক্ষেত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। একইভাবে ‘টম্ব অব দ্য আননোন সোলজার’ বা অজ্ঞাতনামা সৈনিকের সমাধিও সেখানে বিশেষভাবে পরিচিত।
এর আগে চলতি নভেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্রের একটি আদালত বিজয়তোরণ নির্মাণের কার্যক্রম দুই সপ্তাহের জন্য স্থগিত রাখার নির্দেশ দেন। প্রকল্পটির নির্মাণকাজ এখনো শুরু হয়নি। এ-সংক্রান্ত আইনি চ্যালেঞ্জগুলো পর্যালোচনার জন্য প্রয়োজনীয় সময় দিতেই আদালত এ সিদ্ধান্ত নেন।
এদিকে ২০২৫ সালের শেষ দিকে ট্রাম্প ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতিষ্ঠান কেনেডি সেন্টারের নামের সঙ্গে নিজের নাম যুক্ত করেছিলেন। ১৯৬৩ সালে আততায়ীর গুলিতে নিহত ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জন এফ. কেনেডির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়েছিল।
তবে নতুন নামকরণ নিয়ে বিতর্ক তৈরি হয়। ছয় মাসেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটির ভবনের সম্মুখভাগে ‘ডোনাল্ড জে. ট্রাম্প’ নামটি প্রদর্শিত হলেও পরবর্তী সময়ে নতুন নামকরণ অবৈধ ঘোষণা করা হলে তা সরিয়ে নেওয়া হয়।