রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:
ঝালকাঠির নলছিটিতে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাশেদ খান (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) রাত ৯টা ১০ মিনিটের দিকে নলছিটি উপজেলার হাড়িখালী গ্রামের পুরাতন কোডেক অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নলছিটি থানার এসআই (নিঃ) মো. মাহফুজুর রহমান (বিপি-৮৯১৭২০৪২৮৭) সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় রাশেদ খানকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. রাশেদ খান নলছিটি উপজেলার হাড়িখালী গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম মো. আবুল হোসেন খান। এ ঘটনায় তার বিরুদ্ধে নলছিটি থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণকেও মাদকের বিরুদ্ধে সচেতন ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।