নিজস্ব প্রতিবেদক:

 

দেশের কৃষি উৎপাদন স্বাভাবিক রাখা এবং কৃষকদের চাহিদা অনুযায়ী সারের সরবরাহ নিশ্চিত করতে মোট ২ লাখ ৯৫ হাজার টন সার কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে ১ লাখ ৫৫ হাজার টন ইউরিয়া, ৮০ হাজার টন ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) এবং ৬০ হাজার টন ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার।

 

বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫৩তম সভায় সার আমদানির পৃথক প্রস্তাবগুলো অনুমোদনের সুপারিশ করা হয়।

 

সভায় গৃহীত প্রস্তাব অনুযায়ী, মরক্কোর প্রতিষ্ঠান ওসিপি নিউট্রিক্রপস এসএ থেকে সরকারি পর্যায়ের (জিটুজি) চুক্তির আওতায় দুই দফায় মোট ৬০ হাজার টন টিএসপি সার আমদানি করা হবে। ১০ম লটে ৩০ হাজার টন সার কিনতে ব্যয় ধরা হয়েছে ২৪৪ কোটি ১৮ লাখ টাকা। এতে প্রতি টনের মূল্য পড়বে ৬৫৬ দশমিক ৬৭ মার্কিন ডলার। অন্যদিকে ১১তম লটে সমপরিমাণ সার কিনতে ব্যয় হবে ২৪৪ কোটি ৯৪ লাখ টাকা। এ ক্ষেত্রে প্রতি টনের দাম নির্ধারণ করা হয়েছে ৬৫৬ দশমিক ৩৩ ডলার।

 

একই প্রতিষ্ঠান থেকে আরও ৮০ হাজার টন ডিএপি সার আমদানির প্রস্তাব রয়েছে। এর মধ্যে ঐচ্ছিক ষষ্ঠ লটে ৪০ হাজার টন এবং নিশ্চিত অষ্টম লটে ৪০ হাজার টন সার কেনা হবে। প্রতিটি চালানের জন্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪২৩ কোটি ৭৯ লাখ টাকা। প্রতি টন ডিএপির দাম পড়বে ৮৫১ দশমিক ৬৭ মার্কিন ডলার।

 

অন্যদিকে, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে দুই দফায় ৮০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার কেনা হবে। নবম লটে ৪০ হাজার টন সার আমদানিতে ব্যয় হবে ২১৪ কোটি টাকা। প্রতি টনের মূল্য ধরা হয়েছে ৪৩২ দশমিক ৫০ ডলার। দশম লটে আরও ৪০ হাজার টন সার কিনতে ব্যয় হবে ২১৪ কোটি ৪ লাখ টাকা। এ চালানের প্রতি টনের দাম পড়বে ৪৩০ দশমিক ৮৩ ডলার।

 

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ফার্টিগ্লোব থেকে ৪৫ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব রয়েছে। এ জন্য সরকারের ব্যয় ধরা হয়েছে ২৮৯ কোটি ৯৩ লাখ টাকা। প্রতি টনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫১৯ দশমিক ১৭ মার্কিন ডলার।

 

দেশীয় উৎস থেকেও ইউরিয়া সার সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার প্রস্তাব করা হয়েছে। এতে মোট ব্যয় হবে ১৫৩ কোটি ৯ লাখ টাকা। ব্যাগিং চার্জসহ প্রতি টন সারের দাম নির্ধারণ করা হয়েছে ৪১০ দশমিক ৮৭৫ ডলার।

 

সরকারের এ উদ্যোগের মাধ্যমে কৃষি মৌসুমে সারের পর্যাপ্ত মজুত ও সরবরাহ বজায় রাখার পাশাপাশি কৃষি উৎপাদন কার্যক্রম সচল রাখতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।