নিজস্ব প্রতিবেদক:
তিন দিনের তুরস্ক সফরের দ্বিতীয় দিনে জলবায়ু সম্মেলন কপ-৩১-এর ভেন্যুতে উপস্থিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কারীদের মধ্যে রয়েছেন ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব, মলদোভার প্রধানমন্ত্রী এবং পাকিস্তান, সিরিয়া ও ইরানের প্রেসিডেন্ট।
এদিকে, সফর চলাকালে বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে ঘিরে সম্ভাব্য অর্থনৈতিক করিডোর প্রতিষ্ঠার বিষয়ে রোহিঙ্গা সংকটের সমাধানকে গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে তুলে ধরেছে বাংলাদেশ।
এ প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির বলেন, রোহিঙ্গা সমস্যার গ্রহণযোগ্য সমাধান ছাড়া এ ধরনের অর্থনৈতিক করিডোর গড়ে তোলার উদ্যোগ এগিয়ে নেওয়া কঠিন। বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং সম্ভাব্য সমাধানের পথ খুঁজতে বাংলাদেশ আগ্রহী। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় অংশীদারদের সহযোগিতাও প্রত্যাশা করছে ঢাকা।
অন্যদিকে, কপ-৩১ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর পক্ষে নেতৃত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, পাটসহ বিভিন্ন পচনশীল ও পরিবেশবান্ধব পণ্য আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে সম্মেলনস্থলে একটি স্টল বা প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে। আগের দিনের বৈঠকেও বিষয়টি তুলে ধরা হলে প্রধানমন্ত্রী এর প্রশংসা করেন বলে জানান তিনি।
তুরস্ক সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচিতে রয়েছে একাধিক আনুষ্ঠানিক বৈঠক ও কূটনৈতিক যোগাযোগ। পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনাতেও অংশ নিচ্ছেন তিনি।
সংশ্লিষ্টদের মতে, এসব যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি বাণিজ্য, অর্থনীতি ও নিরাপত্তা সহযোগিতা সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হতে পারে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা আদায়েও বাংলাদেশের অবস্থান তুলে ধরার সুযোগ তৈরি হচ্ছে।