নিজস্ব প্রতিবেদক:

 

শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের বড় জয় দিয়ে সেমিফাইনালের পথ সুগম করার পর এবার পাকিস্তানকে হারানোর লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ফুটবল দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাস বেশ ভালো অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার জামাল ভূঁইয়া।

 

বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনার এবিজি স্পোর্টস সিটিতে অনুশীলন শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামাল বলেন, শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে জয় এবং প্রতিপক্ষকে কোনো গোল করতে না দেওয়ার সাফল্য দলকে বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে। তবে এখন অতীতের ম্যাচ নিয়ে ভাবার সময় নেই। পুরো মনোযোগ পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল ঘিরে।

 

শ্রীলঙ্কার বিপক্ষে ফরহান আলী ওয়াহিদের অসাধারণ গোলের প্রশংসাও করেন জামাল। তাঁর মতে, জাতীয় স্টেডিয়ামে দেখা সেরা গোলগুলোর মধ্যে এটি অন্যতম। হামজা চৌধুরীর দৃষ্টিনন্দন বাইসাইকেল কিকের পাশাপাশি ফরহানের গোলটিও দর্শকদের দীর্ঘদিন মনে থাকবে।

 

তবে তরুণ ফরোয়ার্ডকে অন্য কোনো আন্তর্জাতিক তারকার সঙ্গে তুলনা না করে নিজের যোগ্যতায় আলাদা পরিচিতি তৈরির সুযোগ দেওয়ার পক্ষে মত দিয়েছেন জামাল।

 

দলের স্কোয়াডের গভীরতা এবং খেলোয়াড়দের পর্যায়ক্রমে মাঠে নামানোর প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। তাঁর মতে, মাত্র দুই দিনের ব্যবধানে একাধিক ম্যাচ খেলতে হলে খেলোয়াড়দের ফিটনেস ও বিশ্রামের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।

 

এদিকে, ডিফেন্ডার সাদ উদ্দিনের ইনজুরি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামাল। তিনি জানান, সাদের গোড়ালির টেন্ডনে চোট লেগেছে। ইনজুরির ধরন অনুযায়ী দীর্ঘ সময়ের জন্য, এমনকি এক বছর পর্যন্তও মাঠের বাইরে থাকতে হতে পারে এই ডিফেন্ডারকে।

 

অন্যদিকে, শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর হামজা চৌধুরীকে নিয়েও কথা বলেন জামাল। ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডারের খেলার প্রশংসা করে তিনি মনে করেন, দলের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা হামজার রয়েছে।

 

জামালের ভাষায়, হামজা দলের অন্যতম সেরা ও গুরুত্বপূর্ণ খেলোয়াড়। মাঠে তাঁর অসাধারণ অবদান এবং পারফরম্যান্সের কারণে অধিনায়কের আর্মব্যান্ড পাওয়ার যোগ্যতাও তাঁর রয়েছে। হামজার সাফল্যে নিজের আনন্দের কথাও প্রকাশ করেন বাংলাদেশ দলের এই মিডফিল্ডার।

 

সব মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় থেকে পাওয়া আত্মবিশ্বাস কাজে লাগিয়ে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে ভালো ফল করাই এখন বাংলাদেশের প্রধান লক্ষ্য।