নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সরকার ব্যর্থ হলে বড় ধরনের মূল্য দিতে হবে বলেও সতর্ক করেছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান জামায়াত আমির।
পোস্টে তিনি উল্লেখ করেন, বুধবার দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নুসরাত এনসিপির জাতীয় নারী শক্তির সদস্য সচিব এবং দলের যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এ হামলাকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর জন্য উচ্চমূল্যে খেসারত দিতে হবে। এ বিষয়ে নীরব থাকার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে বুধবার দিবাগত রাত ১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বাড়িতে পেট্রোলবোমা হামলার কথা জানান নুসরাত তাবাসসুম। হামলাকারীদের পরিচয় সম্পর্কে নিশ্চিত নন উল্লেখ করে তিনি লেখেন, এ ধরনের হামলার মাধ্যমে তাঁর কণ্ঠরোধ করা সম্ভব নয়। আগুনের পথ পেরিয়েও নিজের দায়িত্ব ও কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, যে ঘরটিতে আগুন দেওয়া হয়েছিল, সেটি গবাদিপশু রাখার ঘর। স্থানীয় প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ওই ঘরে থাকা গরুগুলো নিরাপদে বের করে নেওয়া হয়েছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।
এদিকে, এনসিপির মিডিয়া সেল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ হামলার জন্য আওয়ামী লীগের সন্ত্রাসীদের দায়ী করেছে। দলটির দাবি, নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে তারা।
এ বিষয়ে এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত বলেন, তাঁদের ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুর্বৃত্তরা এ হামলার সঙ্গে জড়িত। তবে হামলার দায় ও জড়িতদের পরিচয় সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।