নিজস্ব প্রতিবেদক :
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য দেশের ১১টি শিক্ষা বোর্ডে ব্যাপক আবেদন জমা পড়েছে। মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। বোর্ডভিত্তিক পরিসংখ্যানে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে। চট্টগ্রাম বোর্ডে এ সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৭০০। এছাড়া রাজশাহী বোর্ডে ১ লাখ ৯ হাজার ৯৭১, যশোরে ৯৭ হাজার ৬১৮, কুমিল্লায় ৯২ হাজার ৭৭৬ এবং দিনাজপুরে ৮৯ হাজার ৪২০টি আবেদন জমা হয়েছে।
অন্যদিকে ময়মনসিংহ বোর্ডে ৭১ হাজার ৭৬২, বরিশালে ৫৩ হাজার ৪০৯, সিলেটে ৫১ হাজার ২৪৩, মাদ্রাসা বোর্ডে ৪০ হাজার ৮৩০ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়েছে।
ইংরেজি, বাংলা ও আইসিটিতে বেশি অসন্তোষ
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বাসসকে জানিয়েছেন, গত দুই বছর ধরে উত্তরপত্র মূল্যায়নে নির্ধারিত মানদণ্ড অনুসরণ করা হচ্ছে। তবে সদ্য প্রকাশিত ফলাফলে দেখা গেছে, অধিকাংশ বোর্ডেই বাংলা, ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) মতো আবশ্যিক বিষয়ে শিক্ষার্থীদের ফল তুলনামূলক খারাপ হয়েছে। এসব বিষয়ে অকৃতকার্যের সংখ্যাও বেশি।
তিনি বলেন, শিক্ষার্থীদের তুলনামূলক খারাপ ফল এবং অকৃতকার্য হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ইতোমধ্যে বোর্ডগুলো প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে।
ফল খারাপ হওয়ার পেছনে শিক্ষক সংকটকেও অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। তার মতে, অনেক কলেজে পর্যাপ্ত আইসিটি শিক্ষক নেই। এমনকি সরকারি কলেজেও বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় অন্য বিষয়ের শিক্ষকদের দিয়ে আইসিটি পড়ানো হচ্ছে।
ঢাকা বোর্ডে ইংরেজিতে সর্বাধিক আবেদন
ঢাকা শিক্ষা বোর্ডের বিষয়ভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, ইংরেজি ও আইসিটি বিষয়ে সবচেয়ে বেশি পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে।
ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে পৃথকভাবে ৪২ হাজার ২টি করে আবেদন করা হয়েছে। আইসিটি বিষয়ে আবেদন জমা পড়েছে ৩৮ হাজার ৭৫টি।
বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক ২৪ হাজার ৮৫৮টি করে আবেদন জমা পড়েছে।
বিজ্ঞান বিভাগের বিষয়গুলোর মধ্যে রসায়নে সবচেয়ে বেশি আবেদন এসেছে। প্রথম ও দ্বিতীয় পত্রে পৃথকভাবে ১৮ হাজার ৪৮২টি করে আবেদন জমা হয়েছে। জীববিজ্ঞানের দুই পত্রে আবেদন পড়েছে ১৫ হাজার ৭৫৭টি করে।
মানবিক বিভাগের পৌরনীতি ও সুশাসন প্রথম ও দ্বিতীয় পত্রে ৩ হাজার ৫৭১টি করে এবং সমাজকর্ম বিষয়ে ১ হাজার ৯৯৭টি আবেদন করা হয়েছে।
ব্যবসায় শিক্ষা বিভাগে হিসাববিজ্ঞানের দুই পত্রে পৃথকভাবে ৩ হাজার ৮২৭টি করে আবেদন জমা পড়েছে। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে আবেদন এসেছে ২ হাজার ৩৩১টি।
পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৩১ অক্টোবর প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ।
এ বছর মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।
কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় শিক্ষার্থীরা পুনর্নিরীক্ষণের আবেদন করেন। আবেদনের শেষ সময় ছিল ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত।
মূল্যায়নে গাফিলতি প্রমাণিত হলে পরীক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা
শুধু নম্বর পরিবর্তন নয়, উত্তরপত্র মূল্যায়নে কোনো ধরনের গুরুতর অসংগতি বা দায়িত্বে অবহেলা পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে বোর্ড কর্তৃপক্ষের।
আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, চলতি বছরের এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে বড় ধরনের ব্যত্যয়ের অভিযোগে শতাধিক পরীক্ষক ও প্রধান পরীক্ষককে চিহ্নিত করা হয়েছে। তাদের বিষয়ে তদন্ত করে মন্ত্রণালয়ে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ পাঠানো হচ্ছে।
তিনি আরও জানান, এইচএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণেও কোনো পরীক্ষকের মূল্যায়নে অস্বাভাবিক নম্বরের পার্থক্য বা অনিয়ম পাওয়া গেলে একই প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।
একজন শিক্ষার্থীর আগের প্রাপ্ত নম্বর এবং পুনর্নিরীক্ষণের পর পরিবর্তিত নম্বরের ব্যবধান বিশ্লেষণ করেই ত্রুটিপূর্ণ মূল্যায়নের বিষয়টি নির্ধারণ করা হবে বলে জানান তিনি।
কীভাবে চলছে পুনর্নিরীক্ষণ কার্যক্রম
আন্তঃশিক্ষা বোর্ডের কর্মপরিকল্পনা অনুযায়ী, অনলাইনে জমা পড়া আবেদন ও সংশ্লিষ্ট তথ্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সংগ্রহ করা হবে। এরপর কম্পিউটার সেলের মাধ্যমে বিষয়ভিত্তিক তালিকা তৈরি করে সংশ্লিষ্ট শাখায় পাঠানো হবে।
পরবর্তী ধাপে পুনর্মূল্যায়নের জন্য পরীক্ষক নিয়োগ, প্রধান পরীক্ষকদের কাছ থেকে উত্তরপত্র সংগ্রহ এবং পরীক্ষকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার পর মূল কার্যক্রম পরিচালিত হবে।
পুনর্মূল্যায়ন শেষে পরিবর্তিত নম্বরসংবলিত বিবরণী ও উত্তরপত্র কম্পিউটার সেলে পাঠানো হবে। সেখানে নম্বর এন্ট্রি, উত্তরপত্রের লিথোকোড যাচাই এবং চূড়ান্ত তথ্য পরীক্ষা করে ফলাফল প্রকাশ করা হবে।
১৭ নভেম্বর পর্যন্ত চলবে ঢাকা বোর্ডের কার্যক্রম
ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, ১১ নভেম্বর থেকে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১৭ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বোর্ডের ৪ নম্বর ভবনের সপ্তম ও অষ্টম তলায় উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখায় এ কার্যক্রম চলবে।
ঢাকা শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী মো. মনজুরুল কবীর বাসসকে বলেন, অনলাইনে জমা পড়া বিপুলসংখ্যক আবেদন ও তথ্য অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রক্রিয়াকরণ করা হচ্ছে।
ফলাফল প্রকাশের সময় নম্বর পরিবর্তনে যাতে কোনো ধরনের অসংগতি না থাকে, সে জন্য বোর্ডের আইসিটি টিম পুরো প্রক্রিয়াটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর কতজন শিক্ষার্থীর নম্বর পরিবর্তন হবে কিংবা নতুন করে উত্তীর্ণ হওয়ার সুযোগ তৈরি হবে, এখন সেদিকেই নজর শিক্ষার্থী ও অভিভাবকদের।