মেহেদী হাসান,ঝালকাঠি: ঝালকাঠিতে ২০০৫ সালের ১৪ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির ভয়াবহ বোমা হামলায় নিহত সিনিয়র সহকারী জজ শহীদ সোহেল আহমেদ এবং আইনজীবী জগন্নাথ পাঁড়ের স্মরণে শোকসভা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

​শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অবস্থিত ‘শহীদ সোহেল-জগন্নাথ স্মৃতি মঞ্চে’ জেলা বিচার বিভাগের উদ্যোগে এই শোকসভার আয়োজন করা হয়।

 

​ঝালকাঠির ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ জনাব রুবাইয়া আমেনার সভাপতিত্বে শোকসভায় বিচার বিভাগের বিভিন্ন স্তরের বিচারক ও কর্মকর্তা, আইনজীবী, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।

 

​সভায় বক্তারা বলেন, ২০০৫ সালের এই দিনে জঙ্গিরা দেশের বিচারব্যবস্থাকে স্তব্ধ করতে এবং বিচারকদের মনে ভীতি সৃষ্টি করতে এই নৃশংস ও ঘৃণ্য হামলা চালিয়েছিল। শহীদ সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়ের এই আত্মত্যাগ বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বক্তারা দেশের বিচার অঙ্গনের নিরাপত্তা আরও জোরদার করার পাশাপাশি যেকোনো ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

 

​এর আগে, দিবসটি উপলক্ষে সকাল থেকেই আদালত ও জেলা আইনজীবী সমিতি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।