বিশেষ প্রতিনিধি

 

রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি তেল বিপণনকারী প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি পিএলসি.-এর অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা ফতুল্লা ডিপো। দেশের জ্বালানি তেল সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থায় এ ডিপোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অথচ দীর্ঘদিন ধরে ডিপোটিকে কেন্দ্র করে তেল ব্যবস্থাপনায় অনিয়ম, তেল ঘাটতি, তেল চুরি, প্রভাবশালী মহলের নিয়ন্ত্রণ এবং আর্থিক লেনদেনসংক্রান্ত বিভিন্ন অভিযোগ প্রকাশিত হয়ে আসছে।

 

বিশেষ করে ডিপোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডিএস হারুন-অর-রশীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। ডিপোর কার্যক্রমে অনিয়ম, প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে কথিত আর্থিক লেনদেন এবং নিয়মিত মাসিক অর্থ প্রদানের বিষয়টি বিশেষভাবে উল্লেখযোগ্য।

 

এতসব অভিযোগ এবং ডিপোর পূর্ববর্তী তেল ঘাটতির ঘটনার পরও সংশ্লিষ্ট কর্মকর্তা একই ডিপোর দায়িত্বে বহাল থাকায় কোম্পানির প্রশাসনিক জবাবদিহি, তদন্তের নিরপেক্ষতা এবং কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্নের সৃষ্টি হয়েছে।

২৭ ফব্রুয়ারি ২০২৬ তারিখে যমুনা অয়েল কোম্পানি ফতুল্লা ডিপোর তৎকালীন ইনচার্জ মোহাম্মদ আসলাম খাঁন আবুল উলায়ীকে বদলি করে তাঁর স্থলে জি. এম. হারুন-অর-রশীদকে দায়িত্ব প্রদান করে।

 

উক্ত বদলির বিষয়ে কোম্পানির মানবসম্পদ বিভাগের বক্তব্যে পূর্ববর্তী ডিপো ইনচার্জের বিরুদ্ধে তদন্ত কমিটির পর্যবেক্ষণের বিষয়টি উল্লেখ করা হয়েছিল। পরবর্তীতে কোম্পানির সরকারি ওয়েবসাইটে জনাব জি. এম. হারুন-অর-রশীদকে ম্যানেজার (ডিপো), ইনচার্জ, ফতুল্লা ডিপো হিসেবে তালিকাভুক্ত করা হয়।

 

এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রশ্ন দেখা দিয়েছে—পূর্ববর্তী অনিয়মের তদন্ত ও ডিপোর ব্যবস্থাপনা পুনর্গঠনের প্রেক্ষাপটে নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তীতে বিভিন্ন অভিযোগ উত্থাপিত হওয়ার পরও কোম্পানি কর্তৃপক্ষ কী ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে? অভিযোগের গুরুত্ব বিবেচনায় তাঁর দায়িত্ব অব্যাহত রাখার যৌক্তিকতা কী এবং এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো প্রশাসনিক পর্যালোচনা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে ।

 

ডিপো ইনচার্জের বিরুদ্ধে লিখিত অভিযোগ ও সংশ্লিষ্ট তথ্যসূত্রের ভিত্তিতে জি. এম. হারুন-অর-রশীদের বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। অভিযোগগুলোর সত্যতা নির্ধারণের জন্য স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। এর মধ্যে রয়েছে ফতুল্লা ডিপোর বিভিন্ন কার্যক্রমে অনিয়ম ও প্রভাব বিস্তার, ডিপোর কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং বাইরের প্রভাবশালী ব্যক্তিদের ভূমিকা । ডিপোকে কেন্দ্র করে কথিত মাসিক চাঁদা বা নিয়মিত আর্থিক লেনদেনের অভিযোগ। ডিপোর কার্যক্রম স্বাভাবিক রাখা, বিভিন্ন মহলের প্রভাব বজায় রাখা কিংবা অনিয়মের সুযোগ সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তি ও মহলকে নিয়মিত অর্থ প্রদান করা হয়ে থাকে—এরকম অসংখ্য অভিযোগ। এসব অভিযোগ প্রকাশ্যে আসার পরও সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে দৃশ্যমান প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করা বিষয়টি।

 

ফতুল্লা ডিপোকে কেন্দ্র করে উত্থাপিত অভিযোগগুলোর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো কথিত নিয়মিত মাসিক অর্থ বণ্টন বা মাসোয়ারা প্রদানের অভিযোগ।

 

প্রাপ্ত লিখিত তালিকা ও অভিযোগসূত্রে ফতুল্লা ডিপোকে কেন্দ্র করে কয়েকজন ব্যক্তি ও বিভিন্ন মহলের নামে নিয়মিত মাসিক অর্থ প্রদানের একটি হিসাব উল্লেখ করা হয়েছে। উক্ত তালিকায় রিয়াদ চৌধুরীর নামে ৩ লাখ ৫০ হাজার টাকা, ট্যাংকলরি মালিক নেতা হিসেবে পরিচিত লিটনের নামে ১ লাখ ৫০ হাজার টাকা এবং ট্যাংকলরি শ্রমিক নেতা হিসেবে পরিচিত সালাহউদ্দিনের নামে ২ লাখ টাকা প্রদানের কথা উল্লেখ রয়েছে। এছাড়া মিলনের নামে ৫০ হাজার টাকা, সিবিএ- নেতা জয়নাল আবেদীন টুটুলের নামে ৩ লাখ টাকা এবং থানার নামে ৫০ হাজার টাকা প্রদানের কথাও উক্ত তালিকায় উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাপ্ত তালিকা অনুযায়ী ছয়টি খাতে কথিত মাসিক অর্থের মোট পরিমাণ ১১ লাখ টাকা, যা বার্ষিক হিসাবে ১ কোটি ৩২ লাখ টাকায় দাঁড়ায়।

 

এ ধরনের অর্থ বণ্টনের অভিযোগের পরিপ্রেক্ষিতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বিশেষভাবে তদন্ত করা প্রয়োজন। যেমন—উল্লিখিত অর্থের প্রকৃত উৎস কী, কারা অর্থ সংগ্রহ ও বিতরণ করে, তালিকাভুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে প্রকৃতপক্ষে অর্থ পৌঁছানো হয় কি না এবং অর্থ প্রদানের বিনিময়ে কোনো বিশেষ সুবিধা বা প্রভাব বিস্তারের সুযোগ সৃষ্টি করা হয় কি না।

 

বিশেষ করে ট্যাংকলরি মালিক ও শ্রমিক নেতাদের নামে উল্লিখিত অর্থের সঙ্গে ডিপোর তেল লোডিং, পরিবহন ও সরবরাহ কার্যক্রমের কোনো সম্পর্ক রয়েছে কি না, সিবিএ-সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে অর্থ প্রদানের অভিযোগের ভিত্তি কী এবং থানার নামে উল্লিখিত অর্থের প্রকৃত প্রাপক ও উদ্দেশ্য কী—এসব বিষয়ও তদন্তের আওতায় আনা প্রয়োজন।

 

উল্লেখ্য, উল্লিখিত নাম ও অর্থের পরিমাণ একটি প্রাপ্ত অভিযোগসংবলিত তালিকার ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। এটি অর্থ গ্রহণ বা অপরাধে সংশ্লিষ্টতার চূড়ান্ত প্রমাণ নয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য, আর্থিক নথি, লেনদেনের তথ্য এবং অন্যান্য প্রাসঙ্গিক প্রমাণ যাচাই করে অভিযোগের সত্যতা নির্ধারণ করা প্রয়োজন। একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে এধরণের অভিযোগ উত্থাপিত হলে কোম্পানির প্রচলিত বিধি অনুযায়ী অভিযোগ যাচাই এবং প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা প্রত্যাশিত।

যমুনা অয়েল পিএলসি একাধিক দায়িত্বশীল কর্মকর্তারা জানান, উপরোক্ত অভিযোগ ও পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে তারা মনে করেন,এর মধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তত্ত্বাবধানে একটি উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা, তদন্তের নিরপেক্ষতা ও প্রমাণ সংরক্ষণের স্বার্থে জনাব জি. এম. হারুন-অর-রশীদকে তদন্তকালীন ফতুল্লা ডিপোর দায়িত্ব থেকে সাময়িকভাবে প্রত্যাহার অথবা অন্যত্র সংযুক্ত করার বিষয়টি বিবেচনা করা। কথিত মাসিক অর্থ বণ্টনের প্রাপ্ত তালিকায় উল্লিখিত ছয়টি খাতে মোট ১১ লাখ টাকা মাসিক অর্থ বণ্টনের অভিযোগের সত্যতা যাচাই, অর্থের উৎস ও গন্তব্য শনাক্ত এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নির্ধারণ করা। এছাড়া আর্থিক ও দাপ্তরিক নথি যাচাই করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট আর্থিক লেনদেন, ব্যাংক হিসাব, দাপ্তরিক নথি এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য পরীক্ষা করা। ডিপোর সিসিটিভি ফুটেজ, ডিজিটাল রেকর্ড, স্টক রেজিস্টার, ট্যাংক পরিমাপসংক্রান্ত তথ্য, তেল গ্রহণ ও সরবরাহের হিসাব এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণের নির্দেশ প্রদান করা। ফতুল্লা ডিপোতে পুর্বের প্রায় ৩ লাখ ৭৫ হাজার লিটার ডিজেলের হিসাবের ঘাটতির ঘটনায় গঠিত তদন্ত কমিটিগুলোর প্রতিবেদন, পর্যবেক্ষণ ও সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা। একই সঙ্গে ডিপোর বর্তমান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জনাব জি. এম. হারুন-অর-রশীদের বিরুদ্ধে উত্থাপিত কথিত অনিয়ম, আর্থিক লেনদেন এবং মাসিক অর্থ বণ্টনের অভিযোগ যুক্ত হওয়ায় বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন বলে দায়িত্বশীল কর্মকর্তারা মনে করে। বিশেষ করে প্রাপ্ত তালিকায় ছয়টি খাতে মোট ১১ লাখ টাকা মাসিক অর্থ বণ্টনের যে হিসাব উল্লেখ রয়েছে, তা যথাযথ তদন্তের দাবি রাখে। কথিত অর্থ কাদের কাছে যায়, কারা তা সংগ্রহ ও বিতরণ করে এবং এ ধরনের লেনদেনের সঙ্গে ফতুল্লা ডিপোর তেল গ্রহণ, সংরক্ষণ, উত্তোলন ও সরবরাহ কার্যক্রমের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা স্বাধীন তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করা জরুরি।।

এতসব অভিযোগ উত্থাপিত হওয়ার পরও সংশ্লিষ্ট কর্মকর্তা একই ডিপোর দায়িত্বে বহাল থাকার প্রশাসনিক যৌক্তিকতা কী, তা কর্তৃপক্ষের কাছে স্পষ্ট হওয়া প্রয়োজন। ফতুল্লা ডিপোকে কেন্দ্র করে উত্থাপিত তেলসংক্রান্ত অনিয়ম, কথিত মাসিক ১১ লাখ টাকা অর্থ বণ্টন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ভূমিকা সম্পর্কে দ্রুত উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য যমুনা অয়েল কোম্পানি পিএলসি., বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে প্রতিষ্ঠানটির শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা৷ এসকল বিষয়ে কথা বলার জন্য ফতুল্লা ডিপোর ডিএস হারুন অর রশিদকে একাধিক বার ফোন দেয়া হয়, দেয়া হয় ক্ষুদে বার্তাও কিন্তু তাতে তিনি সাড়া দেয়নি ।