নিজস্ব প্রতিবেদক:

 

খেলাধুলার প্রসারের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার পাশাপাশি প্রকৃত সামাজিক বিপ্লব ঘটানো সম্ভব বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রেখে সুস্থ, মেধাবী ও সুশৃঙ্খল জাতি হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।

 

শুক্রবার বিকেলে কুমিল্লার বরুড়া উপজেলার কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। বক্তব্যে তিনি বলেন, কুমিল্লার প্রতিটি উপজেলা থেকে দল এই টুর্নামেন্টে অংশ নেওয়ায় আয়োজনটি অত্যন্ত আনন্দদায়ক ও উৎসাহব্যঞ্জক হয়েছে। এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

তিনি আরও জানান, কুমিল্লার প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার পাশাপাশি বিদ্যমান মাঠগুলোর উন্নয়ন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে, যাতে নতুন প্রজন্ম খেলাধুলার উপযুক্ত পরিবেশ পায়।

 

১৯টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে চান্দিনা উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কুমিল্লা আদর্শ সদর উপজেলা দল।

 

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সৌহার্দ্য ও পারিবারিক বন্ধন সুদৃঢ় করে। এর মাধ্যমে একটি সুস্থ ও সুশৃঙ্খল প্রজন্ম গড়ে তোলা সম্ভব। দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ এবং উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি খুব দ্রুত বরুড়া উপজেলা স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম গ্রহণ করা হবে।

 

তিনি জানান, খেলাধুলাকে নির্দিষ্ট কোনো মৌসুমে সীমাবদ্ধ না রেখে বছরব্যাপী ফুটবল, ক্রিকেট, ভলিবল ও টেবিল টেনিসসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হবে। জাতীয় পর্যায়ের পাশাপাশি স্কুল ও কলেজ পর্যায়েও নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্ব দেওয়া হবে।

 

এ ছাড়া ঢাকাসহ দেশের অন্যান্য বিকেএসপিকে পর্যায়ক্রমে আরও স্বয়ংসম্পূর্ণ করার পাশাপাশি কুমিল্লায় দ্রুত একটি বিকেএসপি প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

প্রতিমন্ত্রী বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। দল-মত নির্বিশেষে ‘সবার আগে বাংলাদেশ’ চেতনা ধারণ করে সুশৃঙ্খল জাতি গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

 

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী, মো. জসিম উদ্দিন, আতিকুল ইসলাম শাওন, বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি এবং বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম।