নিজস্ব প্রতিবেদক:
শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বিজ্ঞান, উদ্ভাবন, গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে আরও বেশি অর্থ বরাদ্দের পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে গবেষণা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটি আয়োজিত ‘কেমিক্যাল ইনোভেশন ফর ফিউচার চ্যালেঞ্জ’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অধীনে হিট প্রকল্পে প্রায় ৫ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে। দেশে গবেষণা ও উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবন এবং গবেষণায় বিনিয়োগ আরও বাড়াতে চায় সরকার।
দেশের মানবসম্পদের সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের শিক্ষার্থী ও গবেষকদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করার সক্ষমতা রয়েছে। সম্প্রতি বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৩ জন বিজ্ঞানীর স্থান পাওয়া দেশের জন্য গর্বের বিষয়। মানবসম্পদকে শুধু অদৃশ্য সম্পদ হিসেবে সীমাবদ্ধ না রেখে উৎপাদনশীল ও দৃশ্যমান সম্পদে রূপান্তর করতে হবে। এ কারণে কারিগরি শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
পাটের বহুমুখী ব্যবহার ও গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরে মন্ত্রী বলেন, পাটের আঁশ অত্যন্ত মূল্যবান সম্পদ হলেও এর বহুমুখী ব্যবহার এবং পাটজাত পণ্যের বৈচিত্র্য বাড়ানোর ক্ষেত্রে বাংলাদেশ প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারেনি। পাটের আঁশ দিয়ে নতুন পণ্য উদ্ভাবনে গবেষণা বাড়াতে হবে। পাশাপাশি পরিবেশবান্ধব ও পচনশীল পাটের ব্যাগের ব্যবহার সম্প্রসারণের সুযোগ রয়েছে।
তিনি আরও জানান, ২০২৭ সালের শুরু থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পোশাক দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের বই-খাতা বহনের জন্য পাটের তৈরি ব্যাগ দেওয়ার বিষয়টিও সরকারের পরিকল্পনায় রয়েছে।
সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এবার পাসের হার ৫২ শতাংশ, যা প্রত্যাশা অনুযায়ী হয়নি। উত্তরপত্র পুনর্নিরীক্ষণের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় ৪৫ হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এর মধ্যে প্রায় ৫ হাজার শিক্ষার্থী অকৃতকার্য থেকে উত্তীর্ণ হয়েছে এবং প্রায় ৩ হাজার ৭৯০ জনের জিপিএ বেড়েছে।
এসব অনিয়ম ও ত্রুটির কারণ অনুসন্ধান করা হবে জানিয়ে তিনি বলেন, এক বা দুটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষাও শিগগিরই অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে শিক্ষার্থীদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, দেশে বর্তমানে ৫৭টি সরকারি ও ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ে মোট আসন প্রায় ১৫ লাখ, বিপরীতে পাস করা শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে পাঁচ লাখ। তাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তার প্রয়োজন নেই।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য দেন। বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির সভাপতি ড. মো. এমরান কাইয়ূমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সোসাইটির সাধারণ সম্পাদক ড. এ কে এম লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জয়নাল আবেদিন সিদ্দিক।