নিজস্ব প্রতিবেদক:

 

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শরীয়তপুরের কয়েকটি এলাকায় আজ রোববার (১৫ নভেম্বর) টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি।

 

শনিবার (১৪ নভেম্বর) পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখার লক্ষ্যে ঝুঁকিপূর্ণ গাছপালা ও ডালপালা কাটার কাজ করা হবে। এ কারণে পালং-২ (১০ এমভিএ) উপকেন্দ্রের ৩সি নম্বর টুমচর ফিডার এবং নড়িয়া-১ উপকেন্দ্রের ৭ নম্বর গোলার বাজার ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

সূচি অনুযায়ী, রোববার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত টুমচর ফিডারের কাশিপুর, টুমচর, টেকেরহাট ও ঝাউচর এলাকায় বিদ্যুৎ থাকবে না।

 

অন্যদিকে, সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নড়িয়া-১ উপকেন্দ্রের ৭ নম্বর গোলার বাজার ফিডারের পাটদল সেকশন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

 

তবে নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি। একই সঙ্গে উন্নত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে প্রতিষ্ঠানটি।