নিজস্ব প্রতিবেদক:

 

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং জলবায়ু সহনশীল উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

 

শনিবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১)-এর সাইডলাইনে ইইউর আন্তর্জাতিক বিষয়াবলি ও জলবায়ু অর্থায়নবিষয়ক পরিচালক ডায়না অ্যাকোনিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

 

বৈঠকে জলবায়ু অর্থায়ন, জ্বালানি খাতের রূপান্তর, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং জলবায়ু অভিযোজন কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

 

এ সময় বাংলাদেশের জলবায়ু মোকাবিলার অগ্রাধিকার ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে সৌরবিদ্যুৎ থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়িয়ে পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

 

তিনি আরও জানান, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমাতে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৩৫ থেকে ৪০ শতাংশ গাছ হবে ম্যানগ্রোভ প্রজাতির।

 

এ ছাড়া বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস চালু এবং ইটভাটার কারণে সৃষ্ট বায়ুদূষণ কমাতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও বৈঠকে তুলে ধরেন তিনি।

 

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনার কথা উল্লেখ করে ঘূর্ণিঝড়সহনশীল বায়ুবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধি এবং নিরাপদ পানীয় জলের সংকট ক্রমেই বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।

 

এসব সমস্যা মোকাবিলায় কার্যকর অভিযোজন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। এ জন্য তিনি ইইউর কাছে জলবায়ু অর্থায়ন, উন্নত প্রযুক্তি ও কারিগরি সহায়তা কামনা করেন।

 

জবাবে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি প্যারিস চুক্তি এবং জলবায়ু অর্থায়নের নতুন সমষ্টিগত পরিমাণগত লক্ষ্য বাস্তবায়নে ইইউর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

 

তিনি জানান, জলবায়ু অর্থায়নে বার্ষিক ১০০ বিলিয়ন মার্কিন ডলার প্রদানের লক্ষ্য অর্জিত হয়েছে। পাশাপাশি ৩০০ বিলিয়ন মার্কিন ডলারের নতুন লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে। ২০২৮ থেকে ২০৩৪ সাল পর্যন্ত প্রস্তাবিত বহিঃবাজেটে জলবায়ু ও জীববৈচিত্র্য সংক্রান্ত কার্যক্রমে ৫০ শতাংশ লক্ষ্যমাত্রা বজায় রাখার বিষয়টিও তুলে ধরেন তিনি।

 

ইইউ প্রতিনিধি আরও জানান, ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের সঙ্গে যৌথ অর্থায়নে পরিচালিত একটি পরামর্শ সহায়তা কর্মসূচির আওতায় নির্বাচিত তিনটি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে। এ কর্মসূচির মাধ্যমে জলবায়ু অভিযোজন খাতে বিনিয়োগের উপযোগী প্রকল্প তৈরি ও প্রস্তুতে সহায়তা দেওয়া হচ্ছে।

 

তিনি বলেন, বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়ন এবং রেল যোগাযোগব্যবস্থার বিদ্যুতায়নেও সহযোগিতা করছে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশের উপকূলীয় ও সমুদ্রভিত্তিক বায়ুবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাবের বিষয়ে ব্রাসেলসে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হবে। একই সঙ্গে ইউরোপীয় কোম্পানিগুলোর অংশগ্রহণ এবং ইইউর গ্যারান্টি ব্যবস্থার আওতায় বিনিয়োগ ও অর্থায়নের সুযোগ খতিয়ে দেখার আগ্রহ প্রকাশ করেন তিনি।

 

বৈঠকে উভয় পক্ষ জলবায়ু অর্থায়ন, নবায়নযোগ্য জ্বালানি, পরিচ্ছন্ন পরিবহন, পরিবেশদূষণ নিয়ন্ত্রণ এবং জলবায়ু অভিযোজন কার্যক্রমে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেন।

 

আলোচনায় উঠে আসা বিষয়গুলোর অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে ঢাকায় অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের মাধ্যমে নিয়মিত যোগাযোগ বজায় রাখতেও সম্মত হয় দুই পক্ষ।