নিজস্ব প্রতিবেদক:
গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং রাষ্ট্রীয় সম্পদ ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। আগামী ১৯ নভেম্বর ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় জেলায় নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের নির্দেশনায় মোতায়েন করা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা জেলার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা, প্রধান সড়ক-মহাসড়ক এবং স্পর্শকাতর এলাকাগুলোতে দায়িত্ব পালন করবেন।
রাষ্ট্রীয় স্থাপনার সুরক্ষা নিশ্চিত করা, সম্ভাব্য নাশকতা, অগ্নিসংযোগ ও ভাঙচুর প্রতিরোধ এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল বজায় রাখতে আনসার সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
এদিকে গোপালগঞ্জের পাশাপাশি দেশের আরও দুটি শিল্পাঞ্চলেও নিরাপত্তার দায়িত্ব পালন করছেন আনসার ব্যাটালিয়নের সদস্যরা। এর আগে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুর ও নারায়ণগঞ্জে আনসার সদস্য মোতায়েন করা হয়।
বর্তমানে গাজীপুরে ৬ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পকারখানা ও স্পর্শকাতর এলাকাগুলোর নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।