নিজস্ব প্রতিবেদক:
মহান বিজয় দিবস ২০২৬ উদযাপনকে কেন্দ্র করে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ দেশের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থলগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি নিয়েছে সরকার। নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে স্মৃতিসৌধ ও এর প্রবেশপথে পর্যাপ্ত সিসি ও আইপি ক্যামেরা স্থাপন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তাবিষয়ক প্রস্তুতিমূলক আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সভায় জানানো হয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, দেশি-বিদেশি ভিভিআইপি এবং সাধারণ মানুষের জাতীয় স্মৃতিসৌধে যাতায়াত ও পুষ্পস্তবক অর্পণের সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে স্মৃতিসৌধ এলাকায় স্থাপিত সিসি ক্যামেরাগুলো ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও সংশ্লিষ্ট পুলিশ কন্ট্রোলরুমের সঙ্গে সংযুক্ত রাখা হবে।
বিজয় দিবসের অনুষ্ঠান ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্পেশাল ব্রাঞ্চসহ (এসবি) অন্যান্য গোয়েন্দা সংস্থাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সার্বিক গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।
এদিকে বঙ্গভবনে আয়োজিত বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে আগত অতিথিদের দেহ ও যানবাহনে প্রয়োজনীয় তল্লাশির পাশাপাশি বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে। সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের অন্যান্য অনুষ্ঠানস্থলেও বাড়ানো হবে নিরাপত্তা।
যানজট নিয়ন্ত্রণে ঢাকা থেকে সাভারগামী প্রধান সড়ক এবং জাতীয় স্মৃতিসৌধের আশপাশে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় জাতীয় স্মৃতিসৌধসহ সব অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় জনবলসহ অগ্নিনির্বাপণী গাড়ি প্রস্তুত রাখা হবে।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।