পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, 5:05 pm
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

 

 

নিজস্ব প্রতিবেদক :

 

দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মাসিক মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে সর্বনিম্ন গ্রেডের মজুরি নিয়ে মতৈক্য না হওয়ায় মজুরি বোর্ডের সভায় ভোটাভুটির মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত বোর্ডের চতুর্থ সভায় নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করা হয়।

 

বোর্ড সূত্রে জানা গেছে, ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে ১৭ হাজার টাকার প্রস্তাব গৃহীত হয়।

 

নতুন মজুরি কাঠামো অনুযায়ী, প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা এবং চতুর্থ বা সর্বনিম্ন গ্রেডে ১৭ হাজার টাকা মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে এ কাঠামো কার্যকর হবে। ফলে ডিসেম্বর মাসের কাজের বিপরীতে শ্রমিকরা জানুয়ারিতে নতুন হারে বেতন পাবেন।

 

মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মালিক ও শ্রমিকপক্ষ প্রথম তিনটি গ্রেডের মজুরি নিয়ে একমত হলেও সর্বনিম্ন গ্রেডের মজুরি নিয়ে সমঝোতায় পৌঁছাতে পারেনি। শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকা এবং মালিকপক্ষ ১৬ হাজার টাকা প্রস্তাব করেছিল। শেষ পর্যন্ত মধ্যবর্তী অঙ্ক হিসেবে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়।

 

চেয়ারম্যান আরও জানান, ‘বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫’-এর ১২৯(২) বিধি অনুসরণ করে গোপন ভোটের মাধ্যমে অচলাবস্থার অবসান ঘটানো হয়েছে।

 

পুরোনো বেতন কাঠামোর সঙ্গে নতুন মজুরি সমন্বয়ের বিষয়ে বোর্ড চেয়ারম্যান বলেন, ন্যূনতম ২ হাজার টাকা বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ, বর্তমানে নির্ধারিত ন্যূনতম মজুরির চেয়ে বেশি বেতন পাওয়া শ্রমিকরাও অন্তত ২ হাজার টাকা বেতন বৃদ্ধির সুবিধা পাবেন।

 

এ ছাড়া শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিস শ্রমিকদের মজুরি এবং বার্ষিক ইনক্রিমেন্টের বিষয়টি কারিগরি দিক বিবেচনা করে পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে।

 

দ্রুততম সময়ের মধ্যে খসড়া সুপারিশ চূড়ান্ত করে গেজেট প্রকাশের জন্য শ্রম মন্ত্রণালয়ে পাঠানো হবে। গেজেটে গ্রেডভিত্তিক মজুরি, বেতন সমন্বয় এবং নতুন কাঠামো কার্যকরের বিষয়গুলো বিস্তারিতভাবে উল্লেখ থাকবে।

 

সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাবুল আখতার ও আনোয়ার হোসাইন। মালিকপক্ষের প্রতিনিধিত্ব করেন আসিফ আইয়ুব ও অধিত্রম সামছুদ্দিন। নিরপেক্ষ সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ড. মোসলেহ উদ্দিন আহমদ।