দুবাইয়ে চাকরির সুযোগ পাচ্ছেন আনসার-ভিডিপির ১০০ প্রশিক্ষিত সদস্য
নিজস্ব প্রতিবেদক :
দক্ষ জনশক্তি রপ্তানি ও বৈদেশিক কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ট্রান্সগার্ড গ্রুপ এলএলসিতে চাকরির জন্য ১৩৯ জন প্রশিক্ষিত ভিডিপি সদস্যের মধ্য থেকে ১০০ জন কর্মী চূড়ান্ত করতে বাছাই কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও ভিডিপি সদর দপ্তরে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় তিনি চাকরিপ্রার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
বাংলাদেশ আনসার ও ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে এবং ট্রান্সগার্ড গ্রুপ ও রিক্রুটিং এজেন্সি ম্যান ফোর্স বাংলাদেশের সমন্বয়ে এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে। শাটারিং কার্পেন্টার, রাজমিস্ত্রি ও স্টিল ফিক্সার—এই তিন ক্যাটাগরিতে কর্মী নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের কাগজপত্র যাচাই ও সংক্ষিপ্ত মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত করা হবে।
অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, বৈদেশিক কর্মসংস্থানে অদক্ষ জনশক্তির পরিবর্তে প্রশিক্ষিত কর্মী পাঠানো বাহিনীর অন্যতম অগ্রাধিকার। ট্রান্সগার্ড গ্রুপের প্রায় পাঁচ হাজার কর্মীর চাহিদার বিপরীতে ৬০ দিনের নিবিড় প্রশিক্ষণ ও মূল্যায়নের মাধ্যমে প্রথম ধাপের কর্মী নির্বাচন করা হচ্ছে।
তিনি আরও বলেন, দালালচক্রের প্রতারণা ও আর্থিক ক্ষতি থেকে প্রান্তিক জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে সরাসরি যোগাযোগ, ডিজিটাল ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক জবাবদিহির মাধ্যমে স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়া নিশ্চিত করা হচ্ছে। নিবন্ধন থেকে শুরু করে বিদেশ গমন এবং প্রবাসে অবস্থানকালীন প্রয়োজনীয় সেবা দিতে ওয়েলফেয়ার ট্রাস্টের সিআরএম সফটওয়্যার ও ‘ওয়ান সিঙ্গেল পয়েন্ট সার্ভিস’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
মহাপরিচালক জানান, সারাদেশ থেকে বাছাই করা প্রায় এক হাজার প্রশিক্ষিত সদস্য বর্তমানে বৈদেশিক কর্মসংস্থানের অপেক্ষায় রয়েছেন। পাশাপাশি জাপান ও ইউরোপের শ্রমবাজারে সদস্যদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতেও উদ্যোগ নেওয়া হয়েছে। জাপানে উচ্চশিক্ষা ও ভাষা শিক্ষার সুযোগ তৈরির পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টিতে ‘সঞ্জীবন প্রকল্পের’ আওতায় বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
বিদেশগামী সদস্যদের উদ্দেশে তিনি বলেন, বিদেশের কর্মক্ষেত্রে প্রত্যেক সদস্য দেশের ভাবমূর্তি ও বাহিনীর সুনামের প্রতিনিধিত্ব করবেন। তাই শৃঙ্খলা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার পাশাপাশি বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে হবে।
অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, চাকরিপ্রার্থী সদস্য এবং তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন