ছাত্রীদের জন্য আনা বাইসাইকেল নিজে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক :
দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর মধ্যে বিতরণের জন্য আনা বাইসাইকেলের মান নিজে চালিয়ে যাচাই করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ের নিচে কয়েক ধরনের বাইসাইকেল চালিয়ে দেখেন তিনি। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) বিষয়টি জানিয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে মেধাবী ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য বিভিন্ন ধরনের বাইসাইকেল প্রধানমন্ত্রীর কাছে নিয়ে আসা হয়। তিনি নিজে সেগুলো চালিয়ে বাইসাইকেলের মান ও ব্যবহারিক দিক পরীক্ষা করে দেখেন।
এ উদ্যোগের আওতায় দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবে।
মেয়েদের পড়াশোনায় উৎসাহ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন